'বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কারখানা খোলা প্রয়োজন'

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বন্ধ থাকা রপ্তানিমুখী পোশাক কারখানার খোলা প্রক্রিয়া চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগে ভাগে কারখানা খুলে দেওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হলে সেটি সামলানো যাবে না। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে। অবশ্য তিনি এও বলেন, ইতিমধ্যে চীন ও ভিয়েতনাম কারখানা চালু করেছে। ক্রয়াদেশ যাতে অন্যদেশে চলে না যায় সে জন্য আমাদেরও ধাপে ধাপে কারখানা চালু করতে হবে।
'রানা প্লাজা ট্র্যাজেডির ৭ম বার্ষিকী- কোভিড ১৯: সংকটের মুখে শ্রমিক ও মালিক-সরকারি উদ্যোগ ও করণীয়' শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন সিপিডি বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার আলোচনার আয়োজন করে সিপিডি। এতে সহযোগিতা করেছে ফ্রেডরিখ ইর্বাট স্টিফটুং (এফইএস)। আলোচনাটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
আলোচনায় অংশ নেওয়া শ্রমিকনেতারা অভিযোগ করেন, রানা প্লাজা ধসে আহত শ্রমিকেরা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। ফলে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অনেকেই। বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের দুর্দশা আরও বেড়েছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, করোনার কারণে শুরুতে পোশাক খাতের কাঁচামাল প্রাপ্তি নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়। পরবর্তীতে ক্রয়াদেশ বাতিল ও স্থগিতের ঘটনা ঘটে। অনেক ক্রেতাপ্রতিষ্ঠান দেরিতে পণ্যের দাম পরিশোধে কথা বলেছেন। কেউ কেউ মূল্যছাড় দাবি করেছে। মার্চের শেষের দিকে কারখানা লে-অফ ও শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের নূন্যতম আয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দিতে হবে। এ ছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত থাকতে তাদের সচেতন করতে হবে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রানা প্লাজা ধসের পর কারখানার কর্মপরিবেশ উন্নয়নে মালিক, সরকার ও বিদেশী ক্রেতাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ছিল। তবে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সে রকম সম্মিলিত উদ্যোগ দেখা যাচ্ছে না।
শ্রমিকনেতা আমিরুল হক আমিন বলেন, করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই বেশ কিছু পোশাক কারখানা তাদের উৎপাদন বহাল রেখেছে। তারা সুরক্ষা পোশাক বা পিপিই ও মাস্ক বানাচ্ছে না। তাই সরকারের নির্দেশনা অমান্য করে যারা কারখানা খোলা রেখেছে তাদের কালো তালিকাভুক্ত করা দরকার। এ ছাড়া ১৫ শতাংশ শ্রমিক এখনো মজুরি পায়নি। মজুরি না দেওয়া পোশাক মালিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
করোনার দুর্যোগের মধ্যে অনেক পোশাক কারখানা লে-অফ ঘোষনা করেছে। তাতে লে-অফ করা কারখানার শ্রমিকেরা মজুরি পাবেন অর্ধেক। লে-অফ করার বিষয়ে মালিকদের আইনগত অধিকার রয়েছে বলে দাবি করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল। তিনি বলেন, লে-অফের বিষয়টি মালিকদের আইনগত অধিকার। কারণ ছোট-মাঝারি কারখানার দুই তৃতীয়াংশ ক্রয়াদেশ বাতিল হয়ে গেছে। বেশি চাপ দিলে কারখানা একে একে বন্ধ হয়ে যাবে। লে-অফ করা কারখানাগুলোকে ৬০ শতাংশ মজুরি দিতে হবে এমন নির্দেশনা আসবে বলে মন্তব্য করেন তিনি।
বিজিএমইএর এই সহসভাপতি বক্তব্যের সূত্র ধরে শ্রমিকনেত্রী নাজমা আক্তার বলেন, পোশাকশিল্প মালিকেরা শ্রম আইন মানছেন না। তাঁরা বলছেন, শ্রম আইন অনুযায়ী কারখানা লে-অফ করছেন। অথচ আইন অনুযায়ী ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকের মজুরি পরিশোধের কথা থাকলেও তারা সেটি মানছেন না। তিনি লে-অফ করা কারখানাগুলোকে পূর্ণ মজুরি প্রদান ও ছাঁটাই হ্ওয়া শ্রমিকদের পুনরায় চাকরিতে বহাল করার দাবি করেন।
করোনার সংক্রমণের ঝুঁকির মধ্যে গত ৫ এপ্রিল পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হোন পোশাকশিল্প মালিকেরা। এ জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন নাজমা আক্তার। তিনি বলেন, পোশাকশিল্প মালিকেরা ক্ষমতাধর। তাদের ক্ষমতার সমবন্টন প্রয়োজন। সেটি না হওয়ার কারণেই ৫ এপ্রিল এমন ঘটনা ঘটেছে।
আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, শ্রমিকনেতা বাবুল আক্তার, তাসলিমা আখতার, জলি তালুকদার প্রমুখ।