বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তারা প্লট পাবেন
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) নারী শিল্প উদ্যোক্তাদের জন্য আলাদাভাবে প্লট বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া বিসিকের মাধ্যমে সিরাজগঞ্জে যে অত্যাধুনিক ও বৃহত্ শিল্পনগর গড়ে তোলা হচ্ছে, তাতেও প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা কোটা অনুসরণ করা হবে। শিল্পমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে শরিক হওয়ার জন্য নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।গতকাল সোমবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘দুর্নীতি দমন প্রচেষ্টায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেম্বারের সহসভাপতি সঙ্গীতা আহমেদ ও সেলিনা কাদের উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আরও বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য তথ্যের অবাধ প্রবাহ, আর্থিক সামর্থ্য এবং শক্তিশালী ক্ষমতা কাঠামো প্রয়োজন। বর্তমান সরকার ইতিমধ্যে তথ্য অধিকার আইন পাস করে নারী উদ্যোক্তাসহ সবার জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে। তিনি দুর্নীতিকে পরিবার ও সামাজিক পর্যায়ে ‘না’ বলতে ভূমিকা পালনের জন্য নারী উদ্যোক্তাদের পরামর্শ দেন।্রসেলিমা আহমাদ বলেন, নারী উদ্যোক্তা যাঁরা বিশাল প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁদের অদম্য স্পৃহা, শ্রম এবং সৃজনশীলতা দিয়ে আত্মনির্ভরশীলতার মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনার পথকে প্রসারিত করছেন, তাঁরা প্রতিদিনই ব্যবসা পরিচালনায় দুর্নীতি ও প্রতারণার শিকার হচ্ছেন। সভায় বক্তারা বলেন, দুর্নীতিতে সবচেয়ে কম সম্পৃক্ত নারী কিন্তু দুর্নীতির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবচেয়ে বেশি শিকার তাঁরাই। তাঁরা শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির ধারা বেগবান করতে নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন-সুবিধা বাড়ানোর এবং দুর্নীতি প্রতিরোধে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরত্বারোপ করেন।