বিশ্ব অর্থনীতি আবার টালমাটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটতিজনিত সমস্যা, অন্যদিকে ইউরোপে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ঋণের সংকট। এ দুইয়ের চাপে বিশ্ব অর্থনীতি আবারও টালমাটাল হয়ে পড়েছে। তারই প্রভাব পড়েছে বিশ্বজুড়ে শেয়ারবাজারে।বলা হচ্ছে, ২০০৮ সালের আর্থিক সংকটের পর গত সপ্তাহটি বিশ্ব পুঁজিবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের বিষয়ে তুলনামূলক ভালো খবর আসার পরও তা বাজারকে বড় সুবাতাস দিতে পারেনি।এই খবর অনুসারে, জুলাই মাসে আমেরিকায় এক লাখ ১৭ হাজার লোকের নতুনভাবে কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের হার ৯ দশমিক ২০ থেকে কমে হয়েছে ৯ দশমিক ১০ শতাংশ। গত শুক্রবার ছিল বিশ্ববাজারে সপ্তাহের শেষ কার্যদিবস। এ দিন নিশ্চিত খবর আসে যে, গ্রিসের মতো ইতালি ও স্পেন আর্থিক কৃচ্ছ্রতার দিকে যাচ্ছে। যার মানে হলো, বাজেট ঘাটতি কমানো ও ব্যয় সংকোচনমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া। এর সঙ্গে যুক্ত হয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইতালীয় বন্ড কেনার খবর। এতে মার্কিন ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী হয়ে ওঠে। প্রতি ইউরো সপ্তাহের শেষদিন ১ দশমিক ৪২৪৭ ডলারে লেনদেন হয়।অন্যদিকে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঋণমানকে একধাপ নামিয়ে দিতে যাচ্ছে—এমন খবর খুব জোরালোভাবে বাজারে ছড়িয়ে পড়ে শুক্রবারই। ইউরোপের ঋণ-সংকট গভীর হওয়ার পাশাপাশি এ খবরটা গোটা বিশ্বের শেয়ারবাজারকে অস্থির করে তোলে।এশিয়ার প্রধান সব শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। টোকিওর নিক্কি-২২৫ সূচক সাড়ে তিন শতাংশ, সিডনি চার শতাংশ, সিউল ৩ দশমিক ৭০ শতাংশ এবং তাইপে সাড়ে পাঁচ শতাংশ হারে পড়ে যায়। যদিও গত সপ্তাহেই জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে এবং মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের শক্তিশালী হতে থাকার প্রবণতা রোধ করে। গত বৃহস্পতিবার জাপান সরকার মুদ্রাবাজারে ব্যাপকভাবে ইয়েন বিক্রি করায় প্রতি ডলারের দর ৮০ দশমিক ২৫ ইয়েনে নেমে আসে, যা সপ্তাহের শুরুতে ছিল ৭৬ দশমিক ৫৮ ইয়েন। একইভাবে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে সুইস ফ্রাঙ্কের দরপতন ঘটাতে ভূমিকা রাখে। কিন্তু এত কিছুর পরও সপ্তাহের শেষ দিন আবার মার্কিন ডলারের দরপতন ঘটে। এদিন প্রতি ইউরো ১ দশমিক ৪২৮৪ ডলারে, প্রতি স্টার্লিং ১ দশমিক ৬৩৯৪ ডলারে, প্রতি ডলার ৭৮ দশমিক ৪২ ইয়েনে এবং প্রতি ডলার শূন্য দশমিক ৭৬৮১ সুইস ফ্রাঙ্কের কাছাকাছি লেনদেন শেষ করে।শুক্রবার ইউরোপের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন দেখা যায়। লন্ডনের এফটি-১০০ সূচক ও এফটি-ইউরোফার্স্ট ৩০০ সূচক উভয়ই ১০ শতাংশের মতো পড়ে যায়। এটি ছিল ২০০৮ সালের নভেম্বরের পর সবচেয়ে বড় পতন। যুক্তরাজ্যের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ১০০টি কোম্পানি একদিনেই ১৫ হাজার কোটি পাউন্ডের বেশি পুঁজি হারিয়ে ফেলেছে।অন্যদিকে আমেরিকার ওয়ালস্ট্রিটে ডাও জোনস ও ন্যাসডাক সূচক গত শুক্রবার যথাক্রমে ৪ দশমিক ৩০ শতাংশ ও ৫ দশমিক ১০ শতাংশ পড়ে গিয়েছিল। এই পতন ছিল ২০০৮ সালের সংকটের পর সবচেয়ে বড়। তবে শুক্রবার তা কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। আর্থিক বাজারে বড় ধরনের অস্থিরতার বিপরীতে গত সপ্তাহে স্বর্ণের দাম রেকর্ডের পর রেকর্ড গড়েছে। সেইফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকে পড়ায় গত সপ্তাহের বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের দর এক হাজার ৬৭৭ দশমিক ৯০ ডলারে উঠে যায়। শুক্রবার অবশ্য এ দর কিছুটা নেমে এসে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৬৬৩ দশমিক ২৫ ডলারে পৌঁছায়। এ ছাড়া সপ্তাহশেষে প্রতি আউন্স রৌপ্য ৩৮ দশমিক ৩৭ ডলারে গিয়ে ঠেকে। অন্যদিকে অপরিশোধিত তেলের দামের ফিউচার্সের (ভবিষ্যৎ বেচা-কেনার) সূচকগুলো গত সপ্তাহে কিছুটা পড়ে গেছে। ফলে নাইমেক্স প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮৬ ডলারে সপ্তাহের লেনদেন শুরু করে সপ্তাহ শেষে প্রতি ব্যারেল ৮৭ দশমিক ২৬ ডলারে নেমেছে। [সূত্র: এএফপি, এফটি ও সিটিব্যাংক এনএ]