বিশ্ব অর্থনীতি পুঁজিবাজার ও জ্বালানির দরপতনের চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার ও জ্বালানি তেলের অব্যাহত দরপতনের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যেমন চীনের অর্থনীতিতে এখন চলছে শ্লথগতি, মার্কিন যুক্তরাষ্ট্র নীতিনির্ধারণী সুদহার বাড়াচ্ছে না, ইউরোপের প্রধান অর্থনীতির দেশগুলোতেও পুঁজিবাজারের অবস্থা অনেকটা বেহাল। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এখন কঠিন এক সময়ের মুখোমুখি।
পুঁজিবাজারে দরপতনজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনা সরকারকে আবার হস্তক্ষেপ করতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির অন্যতম প্রধান পুঁজিবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক দেড় শতাংশ পড়েছে।
ফ্রান্স ও জার্মানির শেয়ারবাজারের সূচকও গতকাল ১ শতাংশ করে কমেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এফটিএসই ১০০ সূচক কমেছে দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম গতকাল প্রতি ব্যারেলে প্রায় ২ শতাংশ কমে ৪৬ দশমিক ৩৫ সেন্ট হয়েছে। আর ইউএস ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ৪০ দশমিক ৫৪ সেন্টে নেমে গেছে।
যুক্তরাষ্ট্রের নীতিনীর্ধারণী সুদহার বাড়ানোর সম্ভাবনা থাকলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আপাতত তা নাকচ করে দিয়েছে। ফেডের নীতিনির্ধারকেরা বলছেন, মার্কিন অর্থনীতি এখনো সুদের হার বাড়ানোর জন্য প্রস্তুত নয়।
ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর বিষয়ে গত জুলাইয়ের শেষদিকে অনুষ্ঠিত এক বৈঠকের বিস্তারিত গতকাল প্রকাশ করেছে। এতে ফেড জানিয়েছে, মাত্র একজন নীতিনির্ধারক সুদের হার বাড়ানোর পক্ষে ভোট দেন।
২০০৮ সালের ডিসেম্বর থেকে ফেড নীতিনির্ধারণী সুদহার শূন্যের কাছাকাছি রেখেছে। আগামী সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বেশ জল্পনাকল্পনা চলছিল। ফেড প্রধান জ্যানেট ইয়েলেনও সুদহার বাড়ানোর আভাস দিয়েছিলেন। ফেডের এ সিদ্ধান্তে দেশটির পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব দেখা দিয়েও তা স্থায়ী হয়নি। গতকাল বুধবার ডাউ জোনস সূচক প্রায় ১ শতাংশ কমেছে।
চীনের অর্থনীতির শ্লথগতি মার্কিন অর্থনীতির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনা মুদ্রা ইউয়ানের অবমূল্যায়নই মূলত চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন নীতির্নিধারকদের কপালে।
গত ১০ দিনে মার্কিন ডলারের বিপরীতে একাধিকবার নিজস্ব মুদ্রা ইউয়ানের বিনিময়মূল্য কমিয়েছে চীন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না ইউয়ানের বিনিময়হার এক দিনে সর্বোচ্চ প্রায় ২ শতাংশ পর্যন্ত কমিয়েছে। গত দুই দশকে এক দিনের ব্যবধানে ইউয়ানের বিনিময়মূল্য এতটা কমানো হয়নি। চীনের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপেও আশ্বস্ত হতে পারছেন না বিনিয়োগকারীরা। সব মিলিয়ে চলতি বছরে দেশটির জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
বেকারত্ব কমলেও মূল্যস্ফীতি নিয়ে চিন্তায় আছেন মার্কিন নীতিনির্ধারকেরা। দেশটির মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণ হচ্ছে না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন গবেষণা সংস্থা বলছে, চলমান গ্রিস সংকটসহ নানা সংকটের কারণে চলতি বছরে বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ। উদীয়মান অর্থনীতির দেশগুলোতে এবার খুব বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না বলে মনে করছে আইএমএফ। সংস্থাটি পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর অর্থনীতিতে গড় প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ১ শতাংশ; যা আগামী বছর বেড়ে ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হবে।
সূত্র: বিবিসি, রয়টার্স