মন্দা কাটিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও এই প্রবণতা অনেকটাই শ্লথ বলে মনে করছে বিশ্বব্যাংক। কারণ হিসেবে অনেক দেশই এখন মন্দা মোকাবিলার উদ্দীপনামূলক ব্যয় কমিয়ে দেওয়াকে চিহ্নিত করেছে এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি।বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট: ২০১০’ প্রতিবেদনে এ রকম পর্যালোচনাই উপস্থাপন করা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, চলতি বছর (২০১০) গোটা বিশ্বের সামগ্রিক জিডিপি (মোট দেশজ উত্পাদন) প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ৭০ শতাংশ। আগামী বছর তা আরেকটু বেড়ে হবে ৩ দশমিক ২০ শতাংশ।বিশ্বমন্দার করালগ্রাসের কারণে ২০০৯ সালে সারা বিশ্বের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। গত বছর বিশ্ব অর্থনীতি ২ দশমিক ২০ শতাংশ হারে সংকুচিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো এক বছরে এটাই ছিল বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় পতন।আর যে বছর মন্দার সূত্রপাত ঘটল, সেই ২০০৮ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭০ শতাংশ। অবশ্য এর আগের বছর (২০০৭) এই প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৯০ শতাংশ।বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুসারে, উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল বিশ্বের প্রবৃদ্ধির হার হবে অধিকতর। বিশেষ করে চীন এ বছর ও আগামী বছর—দুই বছরই ৯ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে মনে করছে বিশ্বব্যাংক। এদিকে গতকালই চীনের ২০০৯ সালের প্রবৃদ্ধির প্রাক্কলন প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায়, চীন ৮ দশমিক ৭০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে।২০০৯ সালের শেষ প্রান্তিকে ১০ দশমিক ৭০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করার সুবাদে চীনের বার্ষিক প্রবৃদ্ধি এতটা উঁচু পর্যায়ে গেছে, যা মন্দা থেকে দেশটি ভালোভাবে ঘুরে দাঁড়ানোর প্রমাণ বলেও মনে করা হচ্ছে।আর এই উচ্চ প্রবৃদ্ধি অর্জন করার মধ্য দিয়ে চীন এখন জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজেদের স্থান নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পরই। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে ২০১০ সালে জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ এবং তেল ব্যতীত অন্যান্য ভোগ্যপণ্যের দাম সাড়ে ৫ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরে (২০০৯-১০) বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ। আর আগামী অর্থবছর (২০১০-১১) এই প্রবৃদ্ধির হার বেড়ে হবে ৫ দশমিক ৮০ শতাংশ।বিশ্বব্যাংকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার ওপর আলোকপাত করতে গিয়ে বলা হয়েছে, ভারত, বাংলাদেশ ও ভুটান বিশ্বমন্দা থেকে উঠে দাঁড়াবে অধিকতর প্রবৃদ্ধি নিয়ে। আর এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে দেশগুলোর মোটামুটি স্থিতিশীল অর্থনৈতিক নীতিমালা এবং বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী আয় প্রবাহের খাতের সহনক্ষমতা।এতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি প্রবাসী আয়ের উচ্চ প্রবাহের কারণে আরও গতিশীল হবে। কারণ প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ বেসরকারি ভোগব্যয় বাড়াবে। এ ক্ষেত্রে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার কথা বলা হয়েছে প্রতিবেদনে।