বিশ্ব অর্থনীতিতে আগামী বছর প্রবৃদ্ধি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজস্ব নিয়ে জটিলতা ও ইউরোপে ঋণসংকট নিরসনে অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে আগামী ২০১৩ সালের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধি বাড়বে।ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চের এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে আগামী বছরে বিশ্ব অর্থনীতিতে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন করা হয়।যুক্তরাষ্ট্রের রাজস্ব জটিলতা কাটবে, স্পেনের আর্থিক পুনরুদ্ধার জোরদার হবে, তারল্য বাড়বে, ভোগ্যপণ্যের দাম কমবে—এমন সব আশাবাদের কথা শুনিয়ে প্রতিষ্ঠানটি পূর্বাভাস দেয় যে বিশ্ব অর্থনীতিতে ধীরে ধীরে প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। খবর বাসস/সিনহুয়ার। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চের প্রধান বিনিয়োগ কৌশলবিদ মাইকেল হার্টনেট জানান, ইউরোপ-আমেরিকা ও চীনের অর্থনীতিতে সংকটের কারণে বিশ্ব অর্থনীতির আকাশে অনিশ্চয়তার যে কালো মেঘের সঞ্চার করেছিল তা কেটে যাওয়ার এটাই শেষ বছর।মাইকেল হার্টনেট বলেন, ‘আমরা আশা করি, ২০১৩ সালে বিশ্বে রাজস্ব নীতিগুলো নিয়ে সমস্যা রয়েছে সেটির সমাধান হবে, কেন্দ্রীয় ব্যাংকগুলোও সংকুলানমূলক পদক্ষেপ নেবে এবং করপোরেট খাতে মুনাফা বাড়বে।’