বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে ব্রিকস
অগ্রসর উন্নয়নশীল পাঁচ দেশের জোট হিসেবে খ্যাত ব্রিকস বিশ্ব অর্থনীতির গতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছে। ২০০৭ সালে আমেরিকার সৃষ্ট আর্থিক সংকটের জের ধরে বিশ্ব অর্থনীতিতে পরবর্তীকালে যে মন্দা নেমে আসে, তা কাটিয়ে উঠতে ব্রিকস দেশগুলোর ভূমিকা এখন জোরেশোরে স্বীকৃত হচ্ছে।শুধু তা-ই নয়, আগামী দিনে বিশ্ব অর্থনীতির শক্ত ভিত্তি গঠনে ব্রিকসের সক্রিয়তাকেও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।২৮-২৯ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লিতে চতুর্থ ব্রিকস সম্মেলন সামনে রেখে বিশ্লেষকেরা এ রকম অভিমতই প্রকাশ করেছেন। এই সম্মেলনে ব্রিকসের নেতারা টেকসই উন্নয়ন, বৈশ্বিক সুশাসন ও পারস্পরিক সহযোগিতার ওপর আলোকপাত করবেন।ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত। প্রতিটি দেশের নামের ইংরেজি আদ্যক্ষর একত্র করে এই নামকরণ।২০০১ সালে বিনিয়োগ আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জিম ও’নেইল প্রথম ব্রিক ধারণাটি প্রবর্তন করেন। তখন অবশ্য দক্ষিণ আফ্রিকাকে এই জোটে বিবেচনা করা হয়নি। প্রায় দুই বছর আগে মানে ২০১০ সালের শেষ দিকে ব্রিক জোটে দেশটির অন্তর্ভুক্তির মাধ্যমে নামকরণ ব্রিকস করা হয়।১০ বছরের ব্যবধানে ব্রিকস জোটের মোট দেশজ উৎপাদন তিন গুণ হয়ে গেছে, যার পরিমাণ প্রায় ১২ লাখ কোটি ডলার। বিশ্বের মোট প্রবৃদ্ধির ৪৫ শতাংশ এসেছে ব্রিকস দেশগুলো থেকে, যেখানে জি-৭ জোটভুক্ত দেশগুলোর অবদান ১৯ শতাংশ।বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ বাস করে ব্রিকস দেশগুলোতে আর এক-চতুর্থাংশ ভূমিও ব্রিকসের।২০০০ থেকে ২০০৮ সাল সময়কালে ব্রিকস দেশগুলোতে সমন্বিত বিদেশি বিনিয়োগ গড়ে প্রতি বছর প্রায় ১৯ শতাংশ হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে এই বিনিয়োগের পরিমাণ ছিল সাত হাজার ৭৪৭ কোটি ডলার, সেখানে ২০০৮ সালে তা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯১৬ কোটি ডলারে।এ ক্ষেত্রে শীর্ষে আছে চীন। ২০০৮ সালে চীন ১৪ হাজার ৭৭৯ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে। রাশিয়া, ব্রাজিল ও ভারতে এই সময়ে যথাক্রমে সাড়ে সাত হাজার কোটি ডলার, সাড়ে চার হাজার কোটি ডলার ও চার হাজার ১৩১ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে।বিশ্বে বাজারে পণ্য ও সেবার জোগানদার হিসেবে চীন ও ভারতের অবস্থান এখন ওপরের দিকে। অন্যদিকে ব্রাজিল ও রাশিয়া সমৃদ্ধ কাঁচামালে। তেল ও গ্যাসে রাশিয়া এবং সয়া ও লৌহপণ্যে ব্রাজিল বিশ্বের প্রধান দেশগুলোর অন্যতম। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকাও। সূত্র: চায়না ডেইলি ও বিজনেস লাইন