বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি কমবে

বিশ্ব অর্থনীতিতে এবার প্রত্যাশার চেয়ে প্রবৃদ্ধি কম হবে। চলতি ২০১৪ পঞ্জিকা বছরে বৈশ্বিক জিডিপি (মোট দেশজ উৎপাদন) কমে ২ দশমিক ৮ শতাংশে নেমে আসবে, যা ৩ দশমিক ২ শতাংশ হবে বলে গত জানুয়ারিতে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছিল।
সংস্থাটির অঞ্চলভিত্তিক পূর্বাভাসে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি খারাপ নয়। এই অঞ্চলের গড় জিডিপির প্রবৃদ্ধি গত বছরের ৪ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে এবার ৫ দশমিক ৩ শতাংশে উঠবে।
তবে এই হারের চেয়ে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বেশি হবে, কিন্তু তা গত বছরের মতো ৫ দশমিক ৭ শতাংশেই থাকবে বলে জানায় বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এ বছর ভারত, ভুটান, মালদ্বীপ, নেপালের জিডিপি বাড়বে। কমবে পাকিস্তান ও শ্রীলঙ্কার।
বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশিত হয়।
এতে বলা হয়, বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়া, ইউক্রেনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা এবং প্রধান উন্নয়নশীল দেশগুলোতে টানা তৃতীয় বছরের মতো প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে থাকার কারণেই মূলত বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি কম হবে।
সে জন্য প্রতিবেদনটিতে বিশ্বকে ভবিষ্যতে অর্থনৈতিক অস্থিতিশীলতা এড়াতে বাজেট ঘাটতি কমানো এবং সুদের হার ও উৎপাদশীলতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের মতে, এ বছর যুক্তরাষ্ট্রের জিডিপির প্রবৃদ্ধি হবে ২ দশমিক ১ শতাংশ। এর আগে সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ২ দশমিক ৮ শতাংশ। চার প্রধান উন্নয়নশীল দেশ—ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কম হবে। উদীয়মান দেশগুলোতেও কাঠামোগত সংস্কার ঠিকমতো না হওয়ায় প্রবৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে না।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, ‘২০০৮ সালের অর্থনৈতিক মন্দার বলয় থেকে বেরিয়ে আসতে হলে ধীরে ধীরে রাজস্ব নীতিমালা কঠোর করার পাশাপাশি কাঠামোগত সংস্কারও চালিয়ে যেতে হবে। আর পরবর্তী সংকট মোকাবিলার প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়।’
একই সঙ্গে বিশ্বব্যাংক আশাবাদও শুনিয়েছে। সংস্থাটির মতে, বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির এই মন্থরতা হবে সাময়িক। এ বছরেই তা কেটে যাবে এবং ২০১৫ সালে বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে। এর ধারাবাহিকতায় বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি ২০১৫ সালে ৩ দশমিক ৪ ও ২০১৬ সালে ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হবে।
সূত্র: বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল বিজনেস টাইম।