বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতায় উদ্বেগ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের মন্দার মধ্যে প্রবেশ করেছে ইউরো অঞ্চল। অভিন্ন মুদ্রা ব্যবহারকারী ১৭টি দেশকে একত্রে বলা হয় ইউরো অঞ্চল। এখানকার দেশগুলো বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বড় বাজার। তবে প্রায় তিন বছর ধরে চলা আর্থিক মন্দা ইতিমধ্যেই চাহিদার সংকোচন ঘটিয়েছে। ভবিষ্যতে আরও ঘটাতে পারে, যা বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য হুমকি হয়ে উঠতে পারে।রপ্তানির একক বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতিও সুবিধার নয়। মন্দা কাটিয়ে উঠলেও দেশটির অর্থনীতি গতি পাচ্ছে না, কাঙ্ক্ষিত হারে বাড়ছে না চাহিদা ও ভোগ। এটাও বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।এদিকে অগ্রসর উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) সজোরে ছুটে চলাও অনেকটা থমকে গেছে। সবারই প্রবৃদ্ধির হার বেশ কমে গেছে। ব্রিকসের বাজার ধরার চেষ্টা করছিল বাংলাদেশ। সেটাও কঠিনতর হয়ে উঠেছে।মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানি দফায় দফায় বাধাগ্রস্ত হচ্ছে। লিবিয়া ও সিরিয়ায় গৃহযুদ্ধ ইতিমধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রবাসী-আয়ের প্রবাহও সেভাবে বাড়ছে না। বিশ্ববাজারে বিভিন্ন কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। খাদ্যের দাম নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই আশঙ্কা করছেন, ২০০৭-০৮ সময়কালের মতো নতুন করে আরেকটি খাদ্যসংকটে পড়তে যাচ্ছে বিশ্ব।সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পর্যালোচনা ও করণীয় নির্ধারণ তাই জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। সেই তাগিদ থেকেই বাংলাদেশ অর্থনীতি সমিতির অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘বৈশ্বিক অর্থনীতি ও রূপকল্প-২০২১’। তিন দিনব্যাপী এই সম্মেলন ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ঢাকার রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।এই প্রতিপাদ্য নির্ধারণের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের যে পরিকল্পনা নিয়েছিল, তার অন্যতম পূর্বশর্ত ছিল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা। কিন্তু বিশ্ব অর্থনীতিতে এখন একটা বড় ধরনের টালমাটাল অবস্থা চলছে। বিশেষত, ইউরো-সংকট বেশ বড় আকার ধারণ করেছে। বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতা কীভাবে রূপকল্প বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে তা পর্যালোচনা করার জন্য এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।’তৌফিক আহমদ আরও বলেন, ‘ইতিমধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে। আবার ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনাও করা হয়েছে। আর এগুলোর আওতায় বাজেট হচ্ছে। কিন্তু বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও নানামুখী পরিবর্তনশীলতার প্রভাব বিবেচনায় নিয়ে পরিকল্পনা ও কৌশলে কিছু সমন্বয় করার প্রয়োজন হবে। সম্মেলনের আলোচনা-পর্যালোচনায় সে বিষয়ে কিছু দিকনির্দেশনা দেওয়ারও চেষ্টা থাকবে।’উদ্বোধন: ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতি স্বর্ণপদক সম্মাননা-২০১২ প্রদান করা হবে দেশের চারজন বিশিষ্ট অর্থনীতিবিদকে। তাঁদের মধ্যে দুজন পাবেন মরণোত্তর স্বর্ণপদক। তাঁরা হলেন অধ্যাপক আখলাকুর রহমান ও অধ্যাপক মোজাফ্ফর আহমদ। অন্য দুজন হলেন: অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ ও অধ্যাপক মইনুল ইসলাম।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। এতে স্বাগত ভাষণ দেবেন সমিতির সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হান্নানা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করবেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরী।নিবন্ধন: অর্থনীতি সমিতির সম্মেলনে অংশ নেওয়ার জন্য সমিতির সদস্যরা ১০ থেকে ১২ সেপ্টেম্বর রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেন রোডে সংগঠনের কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া সম্মেলনের প্রথম দিন সম্মেলনস্থলে বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নিবন্ধন করা যাবে। এবারের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এ ছাড়া সম্মেলনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবে।নির্বাচন: অর্থনীতি সমিতির ২০১২-১৪ কার্যবছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্মেলনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর শনিবার সম্মেলনস্থলে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে। মাঝখানে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। সন্ধ্যা ছয়টা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষেই ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার নাজমুল বারী স্বাক্ষরিত সময়সূচিতে আরও জানানো হয়েছে, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৪ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। প্রাথমিক প্রার্থী তালিকা ওই দিন বেলা দুইটায় প্রকাশ করা হবে। একই দিন বেলা তিনটা থেকে পাঁচটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর ওই দিন সন্ধ্যা ছয়টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।