বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার গতি দুর্বল: আইএমএফ
বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকলেও সাম্প্রতিক সংকটের আলোকে অর্থনীতি সার্বিকভাবে আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০১৩ সালের অর্থনীতিসংক্রান্ত পূর্বাভাস সংশোধন করে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করেছে। বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের প্রথম দিনে টোকিওতে গতকাল বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনাসংক্রান্ত প্রতিবেদনে এসব পূর্বাভাস তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে যাবে। পাশাপাশি অবশ্য মূল্যস্ফীতিও কমবে। আইএমএফের পূর্বাভাস অনুসারে, চলতি বছর (২০১২) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৬ দশমিক ১০ শতাংশ। আর আগামী বছরও তা ৬ দশমিক ১০ শতাংশ থাকবে। অন্যদিকে এ বছর ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির হার হবে ৬ দশমিক ৯০ শতাংশ, যা আগামী বছর (২০১৩) হবে ৬ দশমিক ৪০ শতাংশ। এই পূর্বাভাস প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইএমএফের অর্থনৈতিক উপদেষ্টা ও গবেষণা পরিচালক অলিভিয়ের ব্লানশার। আইএমএফের জনসংযোগ গিতা ভাটের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার গবেষণা উপপরিচালক ও বিশ্ব অর্থনীতিসংক্রান্ত গবেষণা বিভাগের প্রধান। ব্লানশার বলেন, অগ্রসর দেশগুলোর জন্য ১ দশমিক ৫ শতাংশ এবং উদীয়মান অর্থনীতি ও উন্নয়নশীল দেশের জন্য ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এ বছর মার্চ মাসে আইএমএফের পূর্ববর্তী পূর্বাভাসে সেই হিসাব ছিল যথাক্রমে ১ দশমিক ৮ এবং ৫ দশমিক ৮ শতাংশ। আর চলতি বছর অগ্রসর ও উদীয়মান অর্থনীতির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ ও ৫ দশমিক ৩০ শতাংশ। ব্লানশার বলেন, নিম্নমুখী এই সংশোধনী ব্যাপকভিত্তিক হলেও বিশেষ করে দুই ধরনের রাষ্ট্রের বেলায় তা অনেক বেশি বিস্তৃত আকার নিয়েছে। এর একদিকে আছে ইউরো অঞ্চল, ২০১৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যেখানে শূন্য শতাংশের কাছাকাছি বিরাজমান থাকবে, অন্যদিকে বৃহত্তম তিনটি উদীয়মান অর্থনীতির দেশ—চীন, ভারত ও ব্রাজিলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পূর্ববর্তী পূর্বাভাসের চেয়ে কম হবে বলে তিনি মন্তব্য করেন। আইএমএফের পূর্বাভাসে এশিয়ায় ২০১৩ সালে সার্বিকভাবে প্রবৃদ্ধির ধারা ফিরে আসার উল্লেখ করা হয়েছে। জাপান ও থাইল্যান্ডে দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুননির্মাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সক্রিয় করে তোলায় প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে।