বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। জাপানের পারমাণবিক বিপর্যয় এবং লিবিয়াসহ মধ্যপ্রাচ্যে সংঘাত এই হুমকির সৃষ্টি করেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৪০ শতাংশ হারে, যা ২০১২ সালে সাড়ে চার শতাংশে উন্নীত হবে।কিন্তু এখন মনে হচ্ছে, এবার আইএমএফের পূর্বাভাস আর ফলবে না। জি-৭ জোটভুক্ত দেশগুলো যখন গত শুক্রবার একযোগে জাপানি মুদ্রা ইয়েনকে শক্তিশালী হওয়া থেকে বিরত রাখার জন্য সক্রিয় হয়ে উঠল, তখন তারা আসলে এটাই বুঝিয়ে দিল, বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে।২০০০ সালের পর এই প্রথমবারের মতো জি-৭ জোটভুক্ত দেশগুলো একযোগে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। এক সপ্তাহ আগে জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এই আঘাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো বিপর্যস্ত হয়, যা আণবিক বিকিরণের বিপদ ডেকে এনেছে।এ অবস্থায় জাপানের অর্থনীতিকে সমর্থন দিতে ব্যাংক অব জাপান কয়েক দিন ধরে মুদ্রাবাজারে অব্যাহতভাবে অর্থ জোগান দিয়ে যাচ্ছে। তার পরও গত বুধবার মার্কিন ডলারের বিপরীতে ইয়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। ইয়েনের শক্তিশালী হয়ে ওঠা মানে রপ্তানিনির্ভর জাপানের রপ্তানি-আয় কমে যাওয়া, যা আবার দেশটির অর্থনীতির গতিময়তা মন্থর করে দিতে পারে।এ অবস্থায় গত শুক্রবার ব্যাংক অব ইংল্যান্ড, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব কানাডা একযোগে জাপানি মুদ্রা ইয়েন বাজারে ছেড়েছে। এভাবে জি-৭ জোটভুক্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বাজারে ইয়েনের জোগান বাড়িয়ে অন্য মুদ্রা বিশেষত, ডলারের বিপরীতে ইয়েনের দর কমিয়ে রাখতে চাইছে।এর প্রভাবে অবশেষে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি সূচক ২ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। ইউরোপ ও আমেরিকার প্রধান শেয়ারবাজারগুলোও ঊর্ধ্বমুখী হয়েছে। অবশ্য অনেক বিশ্লেষক মনে করছেন, জি-৭ থেকে এভাবে একযোগে সমর্থন দিয়েও ইয়েনের দরের ওপর খুব একটা প্রভাব ফেলা যাবে না। জি-৭ জোটের দেশগুলো হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান।এদিকে লিবিয়া ও ইয়েমেনে প্রচণ্ড গণবিক্ষোভ ও সংঘাতের কারণে বিশ্বে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা চলছে। এপ্রিলে সরবরাহ করা হবে নিউইয়র্কে এমন অশোধিত তেলের ব্যারেলপ্রতি দর শুক্রবার দাঁড়িয়েছে ১০১ ডলারে। আর মে মাসে সরবরাহ করা হবে লন্ডনের এমন ব্রেন্ট অশোধিত তেলের দর ব্যারেলপ্রতি ১১৩ ডলার ৯৩ সেন্টে দাঁড়িয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল লিবিয়ায় সামরিক অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করায় জ্বালানি তেলের বাজার আরও বড় অনিশ্চয়তার মুখে পড়েছে। আর বৃহস্পতিবারই সৌদি আরব বাহরাইনে সংঘাত নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাঠিয়েছে। এদিকে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রবণতায় মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দর শুক্রবার বেড়ে গেছে। সূত্র: বিবিসি ও রয়টার্স