বিশ্ব অর্থনীতির মন্দা শিগগিরই কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ। এই হার বাংলাদেশের করা প্রাক্কলনের তুলনায় কম। চলতি বছরের বাজেটে দেওয়া অর্থমন্ত্রীর পূর্বাভাস হচ্ছে এবার প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ।
আইএমএফের করা প্রবৃদ্ধির এই প্রাক্কলন বিশ্বব্যাংকের চেয়ে সামান্য বেশি। বিশ্বব্যাংক গত সোমবার বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। তবে এশীয় উন্নয়ন ব্যাংক বলেছে, প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ১ শতাংশ।
আইএমএফ গতকাল বিশ্ব অর্থনীতির গতিধারা নিয়ে নিয়মিত বার্ষিক রিপোর্ট ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করেছে। এই রিপোর্টেই বাংলাদেশ নিয়ে পূর্বাভাস রয়েছে। রিপোর্টটিতে মূলত বিশ্ব অর্থনীতি নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি এ বছরও প্রত্যাশিত হারে হবে না। ফলে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক গতিমন্দাও সহসাই কাটছে না। তবে উদীয়মান অর্থনীতির দেশগুলো প্রবৃদ্ধি ধরে রাখবে।

২০০৮ সালের অর্থনৈতিক মহামন্দার আট বছর পরেও বিশ্ব অর্থনীতি গতি ফিরে না পাওয়ার বিষয়টিকে উদ্বেগজনক মনে করেছে আইএমএফ। সংস্থাটির মতে, উন্নত দেশগুলোতে এভাবে গতিমন্দা অব্যাহত থাকলে ওই সব দেশে আন্তর্জাতিক বাণিজ্য ও অভিবাসনের বিষয়ে রক্ষণশীল মনোভাব মাথাচাড়া দিয়ে উঠবে। জাতীয়তাবাদী রক্ষণশীলতাই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার অন্যতম কারণ বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বিভিন্ন দেশের মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে যত বেশি প্রতিবন্ধকতা আসবে মন্দা অবস্থা তত বেশি দীর্ঘস্থায়ী হবে।

আইএমএফ মনে করে, উন্নত অর্থনীতির দেশগুলোকে প্রবৃদ্ধি বজায় রাখতে উদার মুদ্রানীতি গ্রহণ করতে হবে। তবে শুধু উদার মুদ্রানীতি দিয়ে প্রবৃদ্ধি ও বর্ধিত জনসংখ্যার চাহিদা পূরণ করা সম্ভব হবে না। সামগ্রিকভাবে প্রবৃদ্ধি বাড়াতে হলে শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে যত বেশি সম্ভব জোর দিয়ে বৈষম্য কমিয়ে আনায় মনোযোগ দেওয়ার পরামর্শ রয়েছে প্রতিবেদনে। কিছু দেশকে কৌশলগত সংস্কারেও গুরুত্ব দেওয়ার পরামর্শ রয়েছে প্রতিবেদনে।

আইএমএফের মতে, ২০১৬ সালে বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ, গত জুলাইয়ে সংস্থাটি একই ধরনের পূর্বাভাস দিয়েছিল। তবে আগামী বছর গড় প্রবৃদ্ধি কিছুটা বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৪ শতাংশ হবে বলে মনে করছে আইএমএফ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত অর্থনীতির দেশগুলোর গড় প্রবৃদ্ধি এ বছরে ১ দশমিক ৬ শতাংশ হতে পারে। গত জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ১ দশমিক ৮ শতাংশ, আর গত বছর উন্নত অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ১ শতাংশ।

তবে উদীয়মান অর্থনীতি হিসেবে ভারত ও চীন তাদের প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হবে বলে আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে। এ বছর চীনের প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ আর চলতি সালসহ আগামী বছরে ভারত ৭ দশমিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।