২০১৬: বিশ্ব অর্থনীতির হতাশার বছর
নানা কারণে ২০১৬ সালটি ছিল বিশ্ব অর্থনীতির জন্য হতাশার। ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া, জ্বালানি তেলের অব্যাহত দরপতন, চীনের পুঁজিবাজারে ধস, বেশির ভাগ উন্নত অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি না হওয়া, সাইবার কেলেঙ্কারি—নেতিবাচক খবরের যেন শেষ ছিল না। বছরের শেষে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ হতাশাকে আরও বাড়িয়েছে।
বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার ঘটনাটি বিশ্ব অর্থনীতিতে তোলপাড় ফেলে। এ ঘটনাকে সাইবার হ্যাকিংয়ের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বা ব্রেক্সিট ছিল অর্থনীতিতে এ বছরের আরেকটি বড় ঘটনা। জুনে যুক্তরাজ্যের মানুষ ব্রেক্সিটের পক্ষে রায় দেওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিটের ধাক্কায় ইউরোপসহ সারা বিশ্বের প্রধান পুঁজিবাজারে ধস নামে, ব্রিটিশ মুদ্রা পাউন্ডের বিনিময় হার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য ও ইউরোপে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি বাজার নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা ২০১৬ সালেও অব্যাহত ছিল। অব্যাহত দরপতনে বেশ বিপাকে পড়ে তেল রপ্তানিকারক দেশগুলো। বছরের শেষ দিকে এসে তেলের দাম বাড়াতে উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক-বহির্ভূত ১১টি দেশ।
কালোটাকার বিস্তার ঠেকাতে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত ছিল বেশ আলোচিত। স্থানীয় শিল্প রক্ষায় যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রশাসন। এ ছাড়া মুক্ত বাণিজ্যবিষয়ক বেশ কয়েকটি চুক্তি বাতিলের কথাও ট্রাম্প বলেছেন, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুক্তরাষ্ট্রসহ শক্তিধর দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনাটিও ছিল বিশ্ব অর্থনীতিতে আলোচিত।