বিশ্ব অর্থনৈতিক ফোরামে আর্থিক খাতে নিয়ন্ত্রণ আরোপ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের দাভোসে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। এই ফোরামে বিশ্বের ৩০ জন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীসহ আড়াই হাজার উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নিচ্ছেন।এবারের বৈঠকে শুরু থেকে ব্যাংকার ও রাজনৈতিক নেতারা মন্দা-পরবর্তী ব্যাংক-ব্যবস্থার নিয়ন্ত্রণবিধি নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছেন।ইতিমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর প্রধানেরা বৈঠকের শুরুর দিনের একাধিক আলোচনায় ব্যাংক ব্যবসার ওপর অতিরিক্ত মাত্রায় নিয়ন্ত্রণ আরোপের বিরোধিতা করেছেন।ব্রিটেনের বার্কলেস ব্যাংকের রবার্ট ডায়মন্ড বলেন, ব্যাংকগুলোর কার্যক্রম সীমিত করলেই যে আর আর্থিক সংকট হবে না, তা জোর দিয়ে বলার কোনো উপায় নেই।বরং ব্যাংকের আয়তন ছোট হলে তা কর্মসংস্থান, অর্থনীতি ও বিশ্ব বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আজ বৃহস্পতিবার তাঁর বক্তব্যে আর্থিক খাতের জন্য কঠোর বিধিবিধানের পক্ষে জোরাল বক্তব্য দেবেন বলে জানা গেছে।ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লেগার্দে মনে করছেন, এই ফোরাম আর্থিক খাতের নিয়ম-কানুন কঠোর করার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা করবে।এদিকে ব্যাংক অব আমেরিকার প্রধান ব্রায়ান ময়নিহান এবং সিটিগ্রুপের প্রধান বিক্রম পণ্ডিতও একই সুরে কথা বলছেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বড় ব্যাংকগুলোর আয়তন ছোট করার এবং গত বছর বিপর্যয়ের সময় ব্যাংকগুলোর নেওয়া অর্থ ফেরত দেওয়ার যে প্রস্তাব করেছেন, তাঁরা এর বিরোধিতা করছেন। অবশ্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জঁ-ক্লদ ত্রিশেত ওবামার এই প্রস্তাবকে সমর্থন করেছেন। তিনি একই সঙ্গে ব্যাংক সংস্কারের ক্ষেত্রে বিশ্বব্যাপী সমন্বয়ের ওপর জোর দিয়েছেন।প্রাইসওয়াটারহাউস কুপারস গতকাল দাভোসে এক জরিপের ফল প্রকাশ করেছে। তাতে দেখা যায় যে ৬০ শতাংশ ব্যাংকের প্রধান নির্বাহী অতিমাত্রায় নিয়ন্ত্রণের ব্যাপারে ‘ভীষণভাবে’ অথবা ‘কিছুটা’ উদ্বিগ্ন।আর ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে তাদের ব্যবসাপদ্ধতি বিশেষ করে কম মুনাফা করা নিয়ে নতুন করে ভাবতে হবে। পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের বেতন-ভাতার বিষয়টিও পর্যালোচনা করতে হবে।বেশির ভাগ ব্যাংকের কর্মকর্তারা তাঁদের বেতন-বোনাসের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি পছন্দ করছেন না।দাভোসে গতকাল নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি অধিবেশনে অংশ নেন এবং বক্তব্য দেন। তাঁর প্রবর্তিত গ্রামীণ ব্যাংক মডেল ও ক্ষুদ্রঋণ কর্মসূচি আর্থিক সংকটের সময় নতুন মাত্রা পেয়েছে।ইউনূস ‘সংকট-পরবর্তী সময়ে মূল্যবোধের পুনর্বিবেচনা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন।এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল যে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, ২০১০ সালে বিশ্ব অর্থনীতি ৩ দশমিক ৯০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করবে। আর বিশ্ব অর্থনীতির অগ্রগতি চালিত হবে এশিয়ার জোরালো প্রবৃদ্ধির কারণে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গতকাল জানিয়েছে যে দুই বছরে বিশ্বে বেকারের সংখ্যা তিন কোটি ৪০ লাখ বেড়ে এখন ২১ কোটি ২০ লাখ হয়েছে। সূত্র: এপি ও এএফপি।