বিশ্ব অর্থবাজার অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে শেয়ারবাজারে ধস, অন্যদিকে পণ্যবাজারে অস্থিতিশীলতায় বিশ্বজুড়ে অর্থবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। স্বর্ণের দামে আরেক দফা রেকর্ড, ইউরো ও ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দরপতন, চীনের উচ্চ মূল্যস্ফীতি—সব মিলিয়ে গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব আর্থিক বাজারের আরেকটি অস্থির ও উদ্বেগের দিন। এভাবেই আমেরিকার ঋণমানের অবনতি ও ইউরোপের দেশে দেশে চলমান আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব বিস্তৃত হয়ে পড়েছে বিশ্বজুড়ে আর্থিক বাজারে।বিনিয়োগকারীরা এখন তাকিয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দিকে। আমেরিকায় মঙ্গলবার দিবসের লেনদেন শুরু হলে ফেডারেল রিজার্ভ মুদ্রনীতি ঘোষণা করবে। (গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকায় মঙ্গলবার কার্যদিবস শুরু হয়নি)।গত সোমবার আমেরিকার শেয়ারবাজারে এক দফা ধস নামার পর গতকাল মঙ্গলবার এর জের ছড়িয়ে পড়ে প্রথমে এশিয়া ও তারপর ইউরোপের বাজারে। উদ্বিগ্ন বিনিয়োগকারীরা একযোগে শেয়ার বিক্রি করে বেরিয়ে আসতে শুরু করেছেন।সোমবার ডাওজোনস ও ন্যাসডাক যথাক্রমে সাড়ে পাঁচ শতাংশ ও ৬ দশমিক ৯০ শতাংশ হারে পড়ে গিয়েছিল। আর মঙ্গলবার লন্ডন ও ফ্রাঙ্কফুর্টে বড় ধরনের পতন ঘটে। এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে সিডনি ছাড়া সবগুলোয় দরপতন ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ পতন ঘটেছে হংকংয়ের বাজারে, যা প্রায় এক হাজার ১৬০ পয়েন্ট।গতকালই আবার খবর আসে যে জুলাই মাসে চীনের মূল্যস্ফীতির হার আরেক দফা বেড়েছে। এতে করে ভবিষ্যতে দেশটির প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়তে পারে—এমন আশঙ্কাও জেগেছে। গতকাল বিশ্ববাজারে স্বর্ণের দর প্রতি আউন্স আরেক দফা বেড়ে হয়েছে এক হাজার ৭৭১ ডলার। আর জ্বালানি তেলের দর একপর্যায়ে ব্যারেল-প্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়। অন্যদিকে, বিদেশি মুদ্রার বাজারও গতকাল ছিল বেশ অস্থিতিশীল। গতকাল বিদেশি মুদ্রার বাজারে জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দরপতন ঘটেছে। অর্থাৎ ডলারের বিপরীতে ইয়েন শক্তিশালী হয়ে উঠেছে। সোমবার নিউইয়র্কে প্রতি ডলার ৭৭ দশমিক ৬৮ ইয়েনে লেনদেন সম্পন্ন করার পর গতকাল টোকিওতে প্রতি ডলার ৭৭ দশমিক ২৫ ইয়েনে দাঁড়ায়।বিশ্লেষকেরা বলছেন, বিদেশি মুদ্রার উদ্বিগ্ন বিনিয়োগকারীরা মার্কিন ডলারকে আগের মতো নিরাপদ মনে না করায় ইয়েনের দিকে ঝুঁকেছে। অন্যদিকে, প্রতি ইউরো আগের এক দশমিক ৪১ ডলার থেকে বেড়ে হয়েছে এক দশমিক ৪২ ডলারে। অর্থাৎ ইউরোও শক্তিশালী হয়েছে। তবে ইউরোর বিপরীতে ইয়েন আবার দুর্বল হয়েছে। প্রতি ইউরো ১১০ দশমিক ১০ ইয়েন থেকে হয়েছে ১১০ দশমিক ২৩ ইয়েন।মার্চ মাসের পর গতকালই প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের দরপতন ঘটেছে। রাশিয়ার মুদ্রা রুবল গতকাল মার্কিন ডলারের বিপরীতে বড় ধরনের পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। রুশ অর্থনীতি জ্বালানি তেলের রপ্তানির ওপর বহুলাংশে নির্ভরশীল। তাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা সেখানে ছড়িয়ে পড়েছে, যার প্রতিফলন ঘটেছে রুবলের দরপতনে।ডলার ও ইউরোর বিপরীতে রুবল যথাক্রমে তিন ও তিন দশমিক ৪০ শতাংশ হারে পড়ে গেছে। ফলে দুই সপ্তাহ ধরে রুবলের পতন ঘটল। [সূত্র: এএফপি ও বিবিসি]