বিশ্ব জিডিপির ১০ শতাংশই কালোটাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করতে চোরাচালান প্রতিরোধ করতে হবে। জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলার কৌশলে এটিকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিগোষ্ঠীগুলো চোরাচালানে বিনিয়োগ করে। তাই চোরাচালান প্রতিরোধ করতে পারলে সন্ত্রাস কমে আসবে।
গতকাল শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আয়োজিত ‘চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় বলা হয়, সারা বিশ্বে কালো অর্থনীতির পরিমাণ ১-২ ট্রিলিয়ন ডলার। যা বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশের মতো। কালো অর্থনীতির মূল অনুষঙ্গ হলো চোরাচালান।
কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এতে ব্যবসায়ী ও গবেষকেরা বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চোরাচালানের মাধ্যমে একধরনের অপরাধ সংঘটিত হয়। এটা ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়। তিনি বলেন, ‘আমরা চাই না, অবৈধভাবে সোনা, অর্থ ও কোকেন আসুক। এগুলো আসলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।’
স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান বলেন, মোট চোরাচালানের ১০-২০ শতাংশ ধরা সম্ভব হয়। নিত্য কৌশল পরিবর্তনের কারণে বাকি চালানগুলো ধরা যায় না। এনবিআরের একার পক্ষে চোরাচালান পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়।
বিশেষ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার জন্য চোরাচালান বড় হুমকি। বাংলাদেশের জাতীয় হুমকি মোকাবিলার কৌশলে এটিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এ চোরাচালানের অর্থ দিয়ে বড় বড় সন্ত্রাসী ঘটনার অর্থায়ন হতে পারে। সাধারণত সন্ত্রাসী কিংবা জঙ্গিগোষ্ঠী চোরাচালানে বিনিয়োগ করে।
আরেক আলোচক নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আবদুর রশীদের মতে, চোরাচালান, সংগঠিত অপরাধ চক্র ও সন্ত্রাসবাদ রাষ্ট্রকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলে। আফগানিস্তানে প্রতি হেক্টর জমিতে মাদক চাষ করলে ৩ হাজার ২০০ টাকা পাওয়া যায়। আর গম চাষ করলে পাওয়া যায় মাত্র ৫৫০ টাকা। তাঁর মতে, ভারতের সঙ্গে যে অবৈধভাবে গরু চোরাচালান হয়, এর বাজার ৪০০ কোটি ডলার। এখানে মৌলবাদীরা বিনিয়োগ করছে।
এনবিআরের সমালোচনা করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘সব ব্যবসায়ী খারাপ না, আবার সব ব্যবসায়ী ভালো না। এভাবে সব শুল্ক কর্মকর্তা খারাপ; আবার সবাই ভালো, তা নয়। শুল্ক ফাঁকির সঙ্গে এনবিআরের লোকজনও জড়িত। এ বিষয়ে মূল প্রবন্ধে একটি লাইনও নেই।’
এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, ‘কিছুদিন আগে র্যা ব বলল যে মূল্য সংযোজন কর (মূসক) আদায় করে দেবে। আমরা দ্বিমত করেছি। কিন্তু র্যা ব একবারও বলেনি, যাঁরা (রাজস্ব কর্মকর্তা) হয়রানি করেন, তাঁদের ধরা হবে।’ তিনি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হয়রানির অভিযোগ তোলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে বলা হয়, গত তিন বছরে চোরাচালান করা প্রায় ৮০ মণ সোনা আটক করা হয়েছে। টাকার অঙ্কে এই সোনার মূল্য প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা। চোরাচালানের ভয়াবহতার উদাহরণ হিসেবে প্রবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ঘটনায় অর্থের প্রয়োজন হয়েছিল ৩-৫ কোটি টাকার সমমূল্যের ডলার। গত তিন বছরের কাস্টমস কর্তৃক আটক ১ হাজার ৪৫০ কোটি টাকার সোনা দিয়ে কী পরিমাণ নাশকতা করা যায়, তা চিন্তা করলেই অনুমান করা যায়।