বিশ্ব নবধারা সূচকে বাংলাদেশ ১১২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নবধারা সূচকে (গ্লোবাল ইনোভেশন ইনডেক্স বা জিআইআই) ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশ ১১২তম অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে রয়েছে নেপাল ও পাকিস্তান। আর আগে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সূচকে ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৬ দশমিক ১০ পয়েন্ট। সুইজারল্যান্ডের জেনেভায় গত ৩ জুলাই জিআইআই-২০১২ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে নবধারা প্রবর্তনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে সুইডেন। আর সূচকে তৃতীয় স্থানে আছে সিঙ্গাপুর।এই সূচকে শীর্ষ ১০টি দেশের মধ্যে এশিয়া থেকে আরেকটি দেশ স্থান পেয়েছে। সেটি হলো হংকং। অবস্থান অষ্টম। এই তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। নবম ও দশম স্থানে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৬৪তম। এরপর রয়েছে শ্রীলঙ্কা, যার অবস্থান ৯৪তম।আইএনএসইএডি এবং ওয়াইপো (ওয়ার্ল্ড ইনটালেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন) এই সূচক প্রণয়ন ও প্রস্তুত করে থাকে। এই সূচক প্রস্তুতের জন্য পাঁচটি বৃহত্তর উপাদান ও দুই বৃহত্তর উৎপাদনের বা সৃজনের হিসাব নির্ণয় করা হয়। বৃহত্তর পাঁচ উপাদানের মধ্যে আছে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, বাজার পরিশীলন ও ব্যবসার পরিশীলন। আর দুই উৎপাদনের মধ্যে আছে জ্ঞান ও প্রযুক্তি উৎপাদন এবং সৃজনশীল উৎপাদন। এগুলোর প্রতিটির ভেতর আবার আলাদা কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যেমন: প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশ, নিয়ন্ত্রণমূলক পরিবেশ ও ব্যবসার পরিবেশ রয়েছে। বাজার পরিশীলনের ক্ষেত্রে ঋণ, বিনিয়োগ ও প্রতিযোগিতা রয়েছে। জিআইআইয়ে গত বছর ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। যদি এবারের সূচককে গতবারের সূচকের রূপান্তর করা হয় অর্থাৎ যদি ২০১১ সালের ১২৫টি দেশকে এবারের সূচকে বিবেচনায় নেওয়া হয়, তাহলে দেখা যায় যে বাংলাদেশের অবস্থান হয়ে যাচ্ছে ১০৪তম। সুতরাং, গতবারের তুলনায় এবারের জিআইআইতে বাংলাদেশের অবস্থানের অবনমন হয়েছে। জিআইআইয়ের উপসূচকগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো নবধারা দক্ষতা সূচক (ইনোভেশন এফিশিয়েন্সি ইনডেক্স)। এই সূচকে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে, ৫৬তম। অবশ্য এই সূচকে উন্নয়নশীল দেশগুলো অনেক এগিয়ে আছে। সূচকে প্রথম স্থানে আছে চীন, দ্বিতীয় স্থানে আছে ভারত আর শ্রীলঙ্কার অবস্থান দশম। অবশ্য সার্বিক সূচকে চীনের অবস্থান ৩৪তম। এই দক্ষতা সূচকের মাধ্যমে বোঝানো হয় যে একটি দেশ তার বিদ্যমান নবধারা উপাদানগুলোকে ব্যবহার করে তা কতটা দক্ষতার সঙ্গে উৎপাদনে বা সৃজনে রূপান্তর করতে পারছে। দুর্বল পরিবেশ ও উপাদান সত্ত্বেও যেসব দেশ এই দক্ষতায় এগিয়ে আছে তাদের সূচকের শীর্ষে স্থান দেওয়া হয়েছে।