বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবার বিশ্ব পরিসংখ্যান দিবস ২০১০ উদ্যাপন করা হবে আজ বুধবার (২০ অক্টোবর)। দেশে এবারই প্রথম এই দিবস উদ্যাপিত হতে যাচ্ছে। খবর ইউএনবির।এ বছরের প্রথম দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুসারে এবারের বিশ্ব পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সেবা, পেশাদারিত্ব ও সততা’।গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। এ সময় ব্যুরোর উপমহাপরিচালক আবদুল আহাদ উপস্থিত ছিলেন।শাহজাহান মোল্লা জানান, দিনটি উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে বিবিএস ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হবে।দিবসটি উপলক্ষে বিবিএস ভবনে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এতে প্রধান অতিথি এবং পরিসংখ্যান বিভাগের সচিব রিতি ইব্রাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারে পরিসংখ্যান বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও উন্নয়ন-সহযোগীদের প্রতিনিধিরা যোগদান করবেন।এক প্রশ্নের জবাবে শাহজাহান মোল্লা বলেন, বিবিএসের ওয়েবসাইট হালনাগাদ ও আধুনিকায়নের কাজ চলছে।