বিশ্ব বাণিজ্য আলোচনা সচল করার ইঙ্গিত

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন মহাপরিচালক আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা নিয়ে বিরাজমান অচলাবস্থা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন।
এই সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই রবার্তো অ্যাজেভেদো এমন আভাস দিলেন। তিনি বলেন, ‘ডব্লিউটিওতে এখন আমি অন্য রকমের এক মনোভাব লক্ষ করছি। গতিপ্রকৃতিও আজ বদলে গেছে।’
ব্রাজিলের পেশাদার এই কূটনীতিক ফরাসি নাগরিক প্যাসকাল লামির জায়গায় ১ সেপ্টেম্বর ডব্লিউটিওর মহপরিচালক হিসেবে দায়িত্ব নেন।
আগামী ডিসেম্বরে ইন্দোনেশিয়ার দ্বীপ-প্রদেশ বালিতে অনুষ্ঠেয় ডব্লিউটিওর সম্মেলনের আগে রবার্তো অ্যাজেভেদোর দেওয়া এই বক্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ওই সম্মেলনে ডব্লিউটিও ঐকমত্যের মাধ্যমে বিশ্ব বাণিজ্যব্যবস্থার ওপর একটি ব্যাপকভিত্তিক বিধিমালা প্রণয়নের চেষ্টা করবে।
আর বালি সম্মেলনকে ডব্লিউটিওর সদস্যদেশগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে বহুল প্রতীক্ষিত ‘দোহা রাউন্ডের’ অসমাপ্ত আলোচনা সম্পন্ন করার শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
একটি বিশ্বজনীন চুক্তি সম্পাদনের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বিরাজমান বাধাগুলো নিরসন, বাজার উন্মুক্তকরণ ও দরিদ্র দেশগুলোকে সহায়তা করার লক্ষ্য নিয়ে ২০০১ সালে ডব্লিউটিও দোহা রাউন্ড আলোচনা শুরু করে, যা গত ১২ বছরেও শেষ হয়নি।
বিশেষ করে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মতো প্রভাবশালী সদস্যদের মধ্যে ‘দেওয়া-নেওয়া’ তথা স্বার্থের দ্বন্দ্বে সমঝোতার প্রক্রিয়ায় বারবার অচলাবস্থা দেখা দেয়, যে কারণে ডব্লিউটিওর এই বৈশ্বিক সমাধানের প্রচেষ্টা থেকে সরে গিয়ে দ্বিপক্ষীয় কিংবা আঞ্চলিক বাণিজ্য চুক্তি করার পথ বেছে নেয়।
বর্তমানে ডব্লিউটিওর মোট সদস্য হচ্ছে ১৫৯টি দেশ। সূত্র: এএফপি।