বিশ্ব বাণিজ্য কেন্দ্রে প্রথম মেলা
বিশ্ব বাণিজ্য কেন্দ্রে প্রথমবারের মতো আন্তর্জাতিক এসএমই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার। আগামীকাল শনিবার থেকে তিন দিনব্যাপী এ মেলায় অংশ নেবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় মেলা কমিটির আহ্বায়ক মাহফুজুল হক শাহসহ চেম্বার নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৫৮টি স্টলে ২২টি প্রতিষ্ঠান সেবা ও পণ্য প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কৃষি ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক, হালকা প্রকৌশল, বুটিক, তথ্যপ্রযুক্তিসহ নানা খাতের উদ্যোক্তারা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগই অর্থনীতিতে বড় অবদান রাখছে। এসএমই যত বড় হবে, দেশের অর্থনীতিও তত এগিয়ে যাবে।
মেলার আহ্বায়ক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্রের নিচতলায় বিভিন্ন খাতের মেলা আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। গত জানুয়ারি মাসে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধন হওয়ার পর প্রথমবারের মতো এসএমই মেলার আয়োজন করা হয়েছে।