বিশ্ব বাণিজ্যের সঙ্গে এখন জলবায়ু জড়িয়ে গেছে: আইসিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় দোহা আলোচনা পর্বের সমাপ্তির সঙ্গে এখন জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের বিষয়টি জড়িয়ে গেছে। ফলে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার সাফল্য পেতে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দেওয়ার বিষয়ে মনোযোগ দিতে হবে।ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের বাংলাদেশ শাখা (আইসিসিবি) সর্বশেষ যে ত্রৈমাসিক বুলেটিন প্রকাশ করেছে, তার সম্পাদকীয়তে এই অভিমত প্রকাশ করা হয়েছে। গত শনিবার আইসিসিবির এই বুলেটিন প্রকাশ করেছে।আইসিসিবি আরও বলছে, যদিও বিশ্ব বাণিজ্য সংস্থা পরিবেশবিষয়ক কোনো সংস্থা নয়, তারপরও সংস্থাটির মূল ভিত্তি মারাক্কাশ চুক্তির প্রস্তাবনায় মৌলিক লক্ষ্য হিসেবে অব্যাহত উন্নয়ন, জলবায়ুর সংরক্ষণ এবং সুরক্ষা স্বীকৃত হয়েছিল। আর এখন যেহেতু জলবায়ু সংরক্ষণের বিভিন্ন পন্থা সম্পর্কে জানা যাচ্ছে, সেহেতু জলবায়ুকে রক্ষার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিগুলোর মধ্যেও আরও পথ বের করা যাবে।আইসিসিবির প্রকাশনায় বলা হয়েছে, যদি বাণিজ্য পদ্ধতিগুলো জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে সহায়তা করে, কোনো সন্দেহ নেই যে বহুপাক্ষিক চুক্তি এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। কোপেনহেগেন সম্মেলনে বাণিজ্য ব্যবস্থাকে বৃহত্তর অর্থে জলবায়ু পরিবর্তনের একটি পন্থা হিসেবে ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।আইসিসিবি ব্যাখ্যা করে বলছে, দোহা আলোচনায় জলবায়ুকে সহায়তার উদ্দেশে পরিবেশ সম্পর্কিত পণ্য ও সেবাগুলোর উদারীকরণের পথ বের করার আভাস আছে। তবে এ ধরনের আলাপ-আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি।কারণ হিসেবে আইসিসিবি মনে করছে, সমঝোতাকারীরা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হয়ে যার যার মতো বাণিজ্যিক সুযোগ-সুবিধা খুঁজছে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন তাদের অবশ্যই সমষ্টিগতভাবে পরিবেশ বিষয়ে মনোযোগ দিতে হবে।আইসিসিবির প্রকাশনায় আরও বলা হয়েছে, বিশ্ব মন্দার পরিবর্তনশীল অর্থনৈতিক অবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রীপর্যায়ের সপ্তম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে প্রতীয়মান হয়েছে যে সংস্থার কার্যক্রমের পরিধি বাড়িয়ে এটাকে আরও বেশি কার্যকর করা যায়।কিন্তু সদস্যদের মধ্যে মতবিরোধ অব্যাহত আছে। আর তাই দোহা আলোচনা সমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে না। এ ছাড়া বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো এই সম্মেলন থেকে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সাড়া পায়নি।