বিশ্ব বিপণন সম্মেলনের জোরদার প্রস্তুতি চলছে
বিশ্ব বিপণন সম্মেলনের (ওয়ার্ল্ড মার্কেটিং সামিট) শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। সম্মেলনে যোগ দিতে আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে আসতে শুরু করবেন বিশ্বের প্রখ্যাত সব বিপণন বিশেষজ্ঞ।বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন। আগামী ১ মার্চ শুরু হওয়া তিন দিনের এই আন্তর্জাতিক আয়োজন চলবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে আয়োজকেরা আশা করছেন।বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলারের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিপণন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব বিপণন সম্মেলনের প্রস্তুতি জোরেশোরে চলছে। আশা করি, এটি একটি জাঁকজমকপূর্ণ ও অর্থবহ আয়োজন হবে।’আয়োজকেরা জানান, সম্মেলনে যোগ দিতে ২৯ ফেব্রুয়ারি অধ্যাপক ফিলিপ কটলার বাংলাদেশে আসবেন। একই দিন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব সুপাচাই পানিচপাকদিও এসে পৌঁছাবেন। এ ছাড়াও বিভিন্ন দেশের ৬০ জনের বেশি বিপণন বিশেষজ্ঞ এই সম্মেলনে আসবেন। আমন্ত্রিত অতিথি বক্তারা রাজধানীর সোনারগাঁও এবং রূপসী বাংলা হোটেলে অবস্থান করবেন।বিপণন সম্মেলনের জনসংযোগ ও যোগাযোগবিষয়ক ব্যবস্থাপক আবহ হারুণ প্রথম আলোকে বলেন, তিন দিনের এ সম্মেলনে সাধারণ ও ইনকিউবেটর প্লিনারি অধিবেশন এবং তারকা বক্তা অধিবেশন থাকবে। প্লিনারি অধিবেশন অনুষ্ঠিত হবে ২০টি। এর মধ্যে থাকবে ইনকিউবেটর অধিবেশন। এর বাইরে অনুষ্ঠিত হবে তারকা বক্তা অধিবেশন। এসব অধিবেশনে বিভিন্ন দেশের বিপণন বিশেষজ্ঞরা বক্তৃতা করবেন।এ ছাড়া বিপণন প্রদর্শনী, বিভিন্ন ধারণার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও সম্মেলনে থাকছে। সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো এবং ডেইলি স্টার।সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ দিয়েছে সম্মেলন আয়োজনকারী কর্তৃপক্ষ। আবহ হারুণ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সম্মেলনে অংশ নিতে চান তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের মাধ্যমে যোগাযোগ করতে হবে। বিভাগ যদি সুপারিশ করে তবে ওই সব শিক্ষার্থীকে বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। তবে এই নিবন্ধন করতে হবে ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে।আগ্রহী কেউ এই সম্মেলনে অংশ নিতে চাইলে সম্মেলনের ওয়েবসাইটে বর্ণিত উপায়ে নিবন্ধন করতে পারবেন। ওয়েবসাইটটি হলো: (http://www.worldmarketingsummit.org/)