বিশ্ব ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে হংকং গেছে আইসিসি প্রতিনিধিদল
হংকংয়ে কাল বুধবার অনুষ্ঠিতব্য বিশ্ব ব্যবসায়ী সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি-বি) সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছেন।বিশ্ব ব্যবসায়ী সম্মেলনের বিষয়বস্তু হচ্ছে, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরিখে নতুন বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা’। ধারণা করা হচ্ছে, এই সম্মেলন বাণিজ্য ও অর্থনীতি সুসংহতকরণসহ নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সময়োপযোগী সুযোগ সৃষ্টি করবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে। এতে সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান সম্মেলনের পাশাপাশি আইসিসির ওয়ার্ল্ড মিটিং ও জাতীয় কমিটির স্থায়ী প্রধানদের সভায়ও যোগ দেবেন।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব জামিল, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, বেঙ্গল ফাইন সিরামিকের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খান এবং সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কান্ট্রি অফিসার মামুন রশীদ।প্রতিনিধিদলটি ২ জুলাই দেশে প্রত্যাবর্তন করবে। বিজ্ঞপ্তি।