পদ্মা সেতু নির্মাণে চীন থেকে অর্থ সহায়তা পেতে হলে আগে বিশ্ব ব্যাংকের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত লী জুনের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাত্ শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেছেন। অর্থমন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি বিশ্বব্যাংকের পাশাপাশি পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থসংস্থানকারী প্রস্তুত রাখতে চাই। তাঁরা বলেছেন আগে বিশ্বব্যাংকের বিষয়টি নিষ্পত্তি করতে।’চীন সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ভিত্তিতে বাংলাদেশে কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া চীনের সঙ্গে বর্তমানে বাংলাদেশের যে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে বিনিয়োগের মাধ্যমে তার কিছুটা পুষিয়েও নিতে চায় চীন।