বিশ্ব মন্দা সত্ত্বেও ব্যাংক খাত ভালো অবস্থায়: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘বিশ্ব মন্দা-পরবর্তী টানাপোড়েনের পরিস্থিতিতেও আমাদের ব্যাংকিং খাত বেশ ভালো অবস্থানেই রয়েছে।’পটুয়াখালীতে এক টাউন হল মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানান, সামগ্রিকভাবে ব্যাংকগুলোতে পর্যাপ্ত মূলধন রয়েছে। শ্রেণীকৃত ঋণের হারও কমে বর্তমানে ৭ দশমিক ১৭ শতাংশে আছে। আর গত অক্টোবর মাসে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। আন্তব্যাংক মুদ্রাবাজারেও বর্তমানে তারল্য ও বিনিময় হার স্থিতিশীল রয়েছে।স্থানীয় একটি হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের খুলনা ও বরিশাল কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে গত রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর রাজী হাসান ও এস কে সুর চৌধুরী।