বিশ্ব মান দিবস আজ শুক্রবার। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মান আস্থা সৃষ্টি করে’। এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বাণী দিয়েছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান সম্প্রচার এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান এবং কথিকা সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে। দিবসটি উপলক্ষে আগামী ২০ অক্টোবর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বিজ্ঞপ্তি