বিশ্ব মুদ্রাবাজারে ইউরোর দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত সপ্তাহে আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারে বাংলাদেশি টাকার বিনিময় হারে প্রায় ১৪ পয়সা দরপতন হয়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭০ টাকা ৩৩ পয়সা থেকে ৭০ টাকা ৩৫ পয়সায় কেনাবেচা হয়। আর প্রতি ডলার ৭০ টাকা ৪৮ পয়সা থেকে ৭০ টাকা ৫০ পয়সায় কেনাবেচা হওয়ার মধ্য দিয়ে সপ্তাহ শেষ হয়। এর মধ্যে বিশেষ করে সপ্তাহের শেষ তিন দিনে ডলারপ্রতি টাকার প্রায় ১০ পয়সার দরপতন ঘটেছে।আন্তর্জাতিক মুদ্রাবাজারে ইউরোপের একক মুদ্রা ইউরোর দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহের (২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর) লেনদেন শুরু হয়। সপ্তাহের শুরুতে আয়ারল্যান্ডের আর্থিক সংকট থেকে উত্তরণের প্যাকেজ দেওয়ার পরও ইউরোর বিনিময় হার গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।মঙ্গলবার ইউরোর আরও দরপতন হয় এবং এটির দর আড়াই মাসের সর্বনিম্নে চলে যায়। ইউরোর দুর্বল অবস্থার সঙ্গে সঙ্গে জার্মানির বন্ড না রেখে স্প্যানিশ ও ইতালিয়ান সার্বভৌম বন্ডে বিনিয়োগকারীরা যে প্রিমিয়াম চেয়ে বসেন, তা সর্বকালের রেকর্ড হিসেবে লেখা হয়ে গেছে। পর্তুগিজ, আইরিশ ও বেলজিয়ামের বন্ডের অন্তর্নিহিত সুদের হার অনেক বেড়ে যায়। একই দিনে প্রতি ইউরোর দরপতন হয়ে ১ দশমিক ২৯৬৯ ডলারে নেমে যায়। পাশাপাশি ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের বিনিময় হারও ইউরোর বিপরীতে গত ১০ সপ্তাহের সর্বোচ্চে চলে যায়।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের অন্তর্নিহিত সুদের হার পড়ে যাওয়ায় মার্কিন ডলার জাপানি ইয়েনের বিপরীতে পড়ে যায় বৃহস্পতিবার। এদিন প্রতি ডলার ৮৩ দশমিক ৭২ ইয়েনে লেনদেন হয়। শুক্রবার অবশ্য ইউরো কিছুটা উঠে আসে। নভেম্বর মাসে প্রত্যাশার চেয়ে কম কর্মসংস্থান হওয়ার তথ্য প্রকাশের ফলে প্রতি ইউরো ১ দশমিক ৩৪১৪ ডলার পর্যন্ত ওঠে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, গত মাসে সেই দেশে খামারবহির্ভূত মজুরি (নন ফার্ম পে-রোল) হিসেবে প্রায় ৩৪ হাজার নতুন চাকরি হয়েছে। অথচ এই মাসে প্রায় এক লাখ ৪০ হাজার লোকের নতুন চাকরি হবে বলে আশা করা হয়েছিল।অবশ্য প্রতি ইউরো-ডলার ১ দশমিক ৩৪৬৭ ডলারের ৩৮.২০ শতাংশ রিট্রেসমেন্ট পর্যায়ে এখনো পৌঁছায়নি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বার্নানকে কোয়ান্টিটেটিভ ইজিংয়ের দ্বিতীয় পর্যায়ে ঘোষিত ৬০ হাজার কোটি ডলারের চেয়েও বেশি বন্ড কেনা হতে পারে বলে আলোচ্য সপ্তাহে মন্তব্য করেন। এতে বেশি পরিমাণ অর্থ বাজারে ছাড়ার ইঙ্গিত রয়েছে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।যা-ই হোক, গত সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩৪২৩ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৭৭৮ ডলারে এবং প্রতি ডলার ৮২ দশমিক ৫৭ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। আগের সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩২৪৪ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৫৯৫ ডলারে এবং প্রতি ডলার ৮৪ দশমিক ১২ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। সপ্তাহের শেষদিন শুক্রবার পর পর তৃতীয় দিনের মতো অপরিশোধিত তেল কেনাবেচার যুক্তরাষ্ট্রভিত্তিক নাইমেক্স সূচক বেড়েছে। এ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৮৯ দশমিক ১৯ ডলারে কেনাবেচা হয়। এটি ছিল গত ২৫ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দর।গত সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৪১৫ ডলারে কেনাবেচা হয়। একই সপ্তাহে প্রতি আউন্স রৌপ্য ২৯ দশমিক ৩৬ ডলারে কেনাবেচা হয়। এর আগের সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৩৬৩ ডলারে এবং প্রতি আউন্স রৌপ্য ২৬ দশমিক ৭৭ ডলারে কেনাবেচা হয়। এদিকে গত সপ্তাহে দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পর থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) সুদের হার আবার বেড়েছে। আগের সপ্তাহে কলমানির সুদের হার ধীরে ধীরে কমে এলেও গত সপ্তাহের শেষ দিন তা সর্বোচ্চ ২৪ শতাংশে উঠে যায়। তবে গত সপ্তাহজুড়েই কলমানির সুদের হার বেড়েছে। যেমন—সোমবার ১২ দশমিক ৫০ শতাংশ, মঙ্গলবার ১৫ শতাংশ, বুধবার সাড়ে ১৮ শতাংশ ও বৃহস্পতিবার প্রায় ২৪ শতাংশ সুদে কলমানি লেনদেন হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।