চাহিদা বেশি থাকায় স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে যায়। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৬৯ টাকা ৩১ পয়সায় কেনাবেচা হলেও তা পরবর্তী সময়ে বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় সপ্তাহ শেষে প্রতি ডলার ৬৯ টাকা ৪৩ পয়সা পর্যন্ত উঠে যায়। আগের সপ্তাহে প্রতি ডলার ৬৯ টাকা ৩৪ পয়সা থেকে ৬৯ টাকা ৩৫ পয়সায় লেনদেন হয়। এদিকে চীন সরকারের সে দেশের মুদ্রার শক্তি বাড়াতে পদক্ষেপ নেওয়ার ঘোষণায় দেওয়ার পরিপ্রেক্ষিতে আলোচ্য সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরোর বিনিময় হার চাঙ্গা হয়ে ওঠে। পাঁচ বছর আগে চীনা মুদ্রা ইউয়ানের পুনর্মূল্যায়নের পর গত সপ্তাহেই (১৯ থেকে ২৫ জুন) এটির বিনিময় হার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়।চীন সরকারের ঘোষিত এ ধরনের উদ্যোগ বিশ্ব অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবো—এমন আশায় সোমবার ইউরোর দর বেড়ে যায়। এদিন প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ২৪৬৭ ডলারে ওঠে যায়। তবে ক্রেডিট রেটিং এজেন্সি ‘ফিচ’ ফরাসি ব্যাংক ‘বিএনপি পারিবাস’-এর রেটিং অবনমন করার খবরে এবং যুক্তরাষ্ট্রের মে মাসের গৃহবিক্রির তথ্য ‘হতাশাজনক’ হওয়ায় বাজারে ঝুঁকিবিমুখতা বৃদ্ধি পায়। এ কারণে অবশ্য বুধবার ইউরোর দর কমে ১ দশমিক ২২০৭ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রে একটি প্রতিবেদনে গত মে মাসে একক পরিবারের নতুন গৃহবিক্রির হার অনাকাঙ্ক্ষিতভাবে হ্রাস পেয়ে রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে যাওয়ার তথ্য প্রকাশিত হয়। তবে সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের শেয়ারসূচকের অবনমন এবং তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডলারের বিপরীতে ইউরো আবার ঘুরে দাঁড়ায়।অন্যদিকে যুক্তরাজ্যের নবগঠিত রক্ষণশীল ও লিবারেল ডেমোক্র্যাট কোয়ালিশন সরকারের প্রথম বাজেট ঘোষণার প্রাক্কালে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় সেই দেশের মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দর মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়ে। সপ্তাহ শুরুর লেনদেনে ডলারের বিপরীতে পাউন্ডের বিনিময় হার প্রায় সাড়ে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থায় ছিল। কিন্তু নতুন সরকার ঘাটতি কমানোর লক্ষ্যে তাদের প্রথম বাজেটে কী পদক্ষেপ নেবে এমন উৎকণ্ঠায় মঙ্গলবার পাউন্ডের দর কমে ১ দশমিক ৪৬৮৬ ডলারে নেমে আসে।তবে বাজেটে কর বাড়ানো ও ব্যাপক হারে ব্যয় কমানোর ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় তা যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এবং ক্রেডিট রেটিং এজেন্সিগুলোকে দেশটির সার্বভৌম ক্রেডিট রেটিংয়ের অবনমন হতে বিরত রাখতে সক্ষম হবে—এ ধরনের ধারণা জোরালো হয়ে ওঠে। এদিকে গত সপ্তাহে স্থানীয় কলমানির বাজারে (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প সময়ের জন্য নেওয়া কর্জ) সুদের হার বেশ খানিকটা কমে আসে। সপ্তাহ শেষে কলমানির সুদের হার ২ দশমিক ৫ শতাংশে নেমে আসে, যা আগের সপ্তাহে ৬ থেকে ৯ শতাংশের মধ্যে লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ১২৫ কোটি টাকার নিলাম হয়েছে। এই নিলামে অন্তর্নিহিত সুদের হার ০৩ দশমিক ৫২ শতাংশে অপরিবর্তিত থাকে। এ ছাড়া গত সপ্তাহে ২০ বছর মেয়াদি সরকারি বন্ডের ৭৫ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়। এটির সুদের হার ০৫ বেসিস পয়েন্ট হ্রাস পেয়ে ০৯ দশমিক ১৫ শতাংশে নির্ধারিত হয়। সূত্র: সিটিব্যাংক এনএ বাংলাদেশ।