বিশ্ব মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা
গত সপ্তাহে রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহে ধীরগতি ও ব্যাপক আমদানিজনিত চাহিদার কারণে স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকায় পাঁচ পয়সা দরপতন হয়েছে।সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭১ টাকা ০৫ পয়সায় লেনদেন হয়। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতি ডলার ৭১ টাকা ১০ পয়সায় কেনাবেচা হয়।আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহের (১৫ থেকে ২১ জানুয়ারি) শুরুতে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। এ সময় প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ৩৪৫৮ ডলারে ওঠে।মঙ্গলবার এশিয়ার বেশকিছু দেশ ইউরো কিনতে থাকলে ইউরোর দর ডলারের বিপরীতে বাড়তে থাকে। বুধবার মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠে যায়। এদিন প্রতি ইউরো ১ দশমিক ৩৫৩৮ ডলারে লেনদেন হয়।একই দিন জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এদিন প্রতি ডলার ৮১ দশমিক ৯১ ইয়েনে লেনদেন হয়।এদিকে যুক্তরাষ্ট্রে বেকার ভাতা ও বাড়ি বিক্রির তথ্য প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় বিনিয়োগকারীরা বৃহস্পতিবার মার্কিন ডলারে আস্থা ফিরে পেতে থাকেন। এতে ডলারের দর অনেকটা উঠে যায়। তবে শুক্রবার ডলারের বিপরীতে ইউরোর দর গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। এদিন প্রতি ইউরো ১ দশমিক ৩৬১৫ ডলারে কেনাবেচা হয়।যা হোক, সপ্তাহ শেষে প্রতি ডলার শূন্য দশমিক ৯৫৮৮ সুইস ফ্রাঙ্কে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬০০১ ডলারে এবং প্রতি ডলার ৮২ দশমিক ৫৯ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। এদিকে আলোচ্য সপ্তাহের শুরুর দিকে দেশে আন্তব্যাংক পর্যায়ে ১৫ শতাংশ থেকে কমে ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ১১ শতাংশের মধ্যে কলমানির লেনদেন হয়। এই সপ্তাহে মুদ্রাবাজারে কলমানির জন্য চাপ কিছুটা কমে এসেছে বলে বিশ্লেষকেরা মনে করেন। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ