বিশ্ব মুদ্রাবাজারে মিশ্র প্রবণতা
গত সপ্তাহজুড়ে আমদানিজনিত চাহিদার কারণে দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারে বাংলাদেশি টাকার পাঁচ পয়সা দরপতন হয়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭১ টাকা ১০ পয়সায় কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষ লেনদেন দিবসে প্রতি ডলার ৭১ টাকা ১৫ পয়সায় কেনাবেচা হয়।এদিকে গত সপ্তাহের শুরুতে ইউরোপীয় অঞ্চলে ভালো মুদ্রাস্ফীতির তথ্যে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বেড়ে যায়। এ সময় প্রতি ইউরোর বিনিময় হার বেড়ে ১ দশমিক ৩৭২৭ ডলারে উন্নীত হয়। অন্যদিকে মঙ্গলবারে প্রতি পাউন্ড স্টার্লিংয়ের দরও বেড়ে যায়। এদিন প্রতি পাউন্ডের দর ১ দশমিক ৬০৭৩ ডলারে উঠে যায়, যা ছিল গত ১০ সপ্তাহের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর সর্বোচ্চ দর।তবে সপ্তাহের শেষভাগে এসে মার্কিন ডলারও কিছুটা শক্তি ফিরে পায়। যুক্তরাষ্ট্রের সেবা খাতের তথ্য ভালো আসাতে ইউরো ও ইয়েনের বিপরীতে ডলারের দর বেড়ে যায়। এ সময় প্রতি ইউরো ১ দশমিক ৩৬২৩ ডলারে ও প্রতি ডলার ৮১ দশমিক ৯৭ ইয়েনে কেনাবেচা হয়। শুক্রবারে প্রতি ইউরোর দর কমে ১ দশমিক ৩৫৪৪ ডলারে নেমে যায়। এ নিয়ে গত প্রায় এক মাসে এই প্রথম টানা তিন দিন ধরে ইউরোর দরপতন ঘটেছে।যা হোক, সপ্তাহ শেষে আন্তর্জাতিক বাজারে প্রতি ইউরো ১ দশমিক ৩৫৮২ ডলারে, প্রতি ডলার শূন্য দশমিক ৯৫৫১ সুইস ফ্রাঁতে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬১০৯ ডলারে এবং প্রতি ডলার ৮২ দশমিক ১৯ ইয়েনের কাছাকাছি কেনাবেচা হয়। এদিকে গত সপ্তাহের শুরুর দিকে আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) সুদের হার ৬ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৪ থেকে ৫ শতাংশে নেমে আসে। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।