বিশ্ব মেধাসম্পদ সংস্থার আন্তর্জাতিক সম্মেলন কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মেধাসম্পদ সংস্থা (ডব্লিউআইপিও) আয়োজিত দুই দিনব্যাপী মেধাসম্পদবিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন কাল সোমবার অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বর্তমানে জেনেভায় অবস্থান করছেন।সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ‘স্বল্পোন্নত দেশসমূহের মেধাসম্পদের উন্নয়ন জোরদার করার জন্য উদ্ভাবন ও সৃজনশীলতার জ্ঞানভিত্তি স্থাপন’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সম্মেলনের প্রথম দিনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মেধাসম্পদের উন্নয়ন বিষয়ে বক্তব্য দেবেন। এতে তিনি ২০১০ সালের ১৯ ও ২০ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মেধাসম্পদবিষয়ক নীতিনির্ধারকদের আঞ্চলিক ফোরামের সভাপতি হিসেবে অর্জিত অভিজ্ঞতা তুলে ধরবেন।সম্মেলনে নেপালের শিল্পমন্ত্রী মাহেন্দ্র প্রাসাদ যাদব, নাইজারের বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী হামিদ আহমেদ, মোজাম্বিকের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরমান্ডো ইনরোগা, উগান্ডার বিচার ও সাংবিধানিক বিষয়সংক্রান্ত প্রতিমন্ত্রী ফ্রেডরিক রুহিন্দি, বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারিসহ স্বল্পোন্নত দেশগুলোর রাষ্ট্রদূত, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বক্তব্য দেবেন বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মেধাসম্পদ উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি, লাগসই নীতি ও কর্মকৌশল নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এতে কারিগরি ও বৈজ্ঞানিক তথ্যের দক্ষ ব্যবহার, জ্ঞান অবকাঠামো ব্যবহারের উপযোগী জ্ঞানভিত্তি স্থাপন, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা এবং ঐতিহ্যগত জ্ঞানের তথ্য ডিজিটালাইজেশনের উপায় নির্ধারণ করা হবে। সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর সৃজনশীল শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টির কৌশল নিয়ে আলোচনা হবে।