বিশ্ব শেয়ারবাজার চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে
বিশ্ব শেয়ারবাজার গতকাল মঙ্গলবার চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা দিতে শিথিল মুদ্রানীতি অব্যাহত রাখার আভাস দেওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোয়।বিশ্বের প্রধান ছয় হাজার শেয়ারবাজারের প্রধান সূচকগুলো নিয়ে গঠিত এমএসসিআই সমন্বিত সূচক গতকাল দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩৩৭ দশমিক ৯৫ পয়েন্ট হয়েছে।গত বছর আগস্ট মাসের পর এমএসসিআই সমন্বিত সূচকের এটাই সর্বোচ্চ অবস্থান। খবর রয়টার্সের।এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে টোকিওর নিক্কি সূচক ২ দশমিক ৩৬ শতাংশ বা ২৩৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৫৫ দশমিক ১৫ পয়েন্ট হয়েছে। গত বছর ১১ মার্চ ভূমিকম্প-সুনামির আঘাতের পর এটাই সূচকের সর্বোচ্চ উত্থান।এশিয়ায় গতকাল হংকং ১ দশমিক ৬৮ শতাংশ, সিউলে এক শতাংশ ও সিডনিতে দশমিক ৯০ শতাংশ হারে বেড়েছে। তবে সাংহাইয়ের বাজার বাড়েনি।ইউরোপের শেয়ারবাজার গতকাল টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। প্যান-ইউরোপীয় এফটিএসইউরোফার্স্ট ৩০০ সূচক দশমিক ৮০ শততাংশ বেড়েছে।