বিশ্ব শেয়ারবাজারে উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর মাসে রপ্তানি আয়ে বিরাট প্রবৃদ্ধি অর্জন ও জার্মানিকে হটিয়ে শীর্ষ রপ্তানিকারক দেশ হয়েছে চীন। এই খবর বিশ্ব অর্থবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। গতকাল তাই এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে দেখা গেছে বিরাট উল্লম্ফন।সোমবার ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডনের এফটি ১০০ সূচক ৪৫ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ, ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ৪৬ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ ও প্যারিসের ক্যাক্স সূচক ৩৭ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ বেড়েছে।এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে হংকংয়ের হেংসেং সূচক এবং সাংহাইয়ের প্রধান সূচক—উভয়ই দশমিক ৫০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।এ ছাড়া সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার প্রধান বাজার যথাক্রমে দশমিক ৩০ শতাংশ ও দশমিক ৮০ শতাংশ হারে বেড়েছে। জাপানের শেয়ারবাজার অবশ্য ছুটির কারণে বন্ধ ছিল।এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়ালস্ট্রিটে লেনদেন শুরু হয়নি। তবে ডোও ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের ফিউচার সূচক উভয়ই আধা শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। শুধু শেয়ারবাজারই নয়, জ্বালানি তেলের বাজারও গতকাল ঊর্ধ্বমুখী ছিল। ব্যারেলপ্রতি তেলের দর ৮৩ ডলার ৫৭ সেন্টে উন্নীত হয়েছে। গত রোববার খবরে প্রকাশ পায় যে ২০০৯ সালের ডিসেম্বর মাসে চীনের মোট রপ্তানি ১৭ দশমিক ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার কোটি ডলারে। এর ফলে ২০০৯ সালে চীনের মোট রপ্তানি দাঁড়ায় এক লাখ ২০ হাজার কোটি ডলার।অন্যদিকে ২০০৯ সালের জন্য জার্মানির মোট রপ্তানির প্রাক্কলন করা হয়েছে এক লাখ ১৭ হাজার কোটি ডলার। সূত্র: এপি