বিশ্ব শেয়ারবাজারে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়াসহ গোটা উত্তর আফ্রিকায় চলছে বিরাট রাজনৈতিক অস্থিরতা তথা গণবিক্ষোভ। মধ্যপ্রাচ্যেও একই অবস্থা। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে।লিবিয়ায় ব্যাপক গণবিক্ষোভ এবং তা দমনে সরকারি বাহিনীর গুলিবর্ষণে গত কয়েক দিনে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। লিবিয়ার গণবিক্ষোভের নেতিবাচক প্রভাবে গতকাল বিশ্ব বিশেষত, ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দর আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।যুক্তরাজ্যের এফটিএসই ও ফ্রান্সের ক্যাক—উভয় সূচকই গতকাল প্রায় দেড় শতাংশ হারে পড়ে গেছে। জার্মানির ড্যাক্স সূচকের পতন হয়েছে দশমিক ৭০ শতাংশ হারে। জ্বালানি তেলের বাজারে লন্ডনের ব্রেন্ট অশোধিত তেলের দর ব্যারেলপ্রতি দুই ডলার বেড়ে ১০৭ ডলার ৭০ সেন্টে উন্নীত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের হালকা অশোধিত তেলের দর ব্যারেলপ্রতি আট ডলার বেড়ে ৯৪ ডলার ২০ সেন্টে উন্নীত হয়েছে।লিবিয়া বিশ্বের ১২তম বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার ফলে দেশটির তেল উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে—ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বড় বড় তেল কোম্পানি লিবিয়া থেকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নিতে শুরু করেছে। জ্বালানি তেলের দামে উল্লম্ফন ঘটায় তা বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে—এমন ধারণা থেকেই এশিয়া ও ইউরোপেরর শেয়ারবাজারে গতকাল বড় ধরনের পতন ঘটেছে। কারিগরি ত্রুটি কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার ইতালির মিলান স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হয়। তবে গত সোমবার এই স্টক এক্সচেঞ্জে সাড়ে তিন শতাংশের বেশি হারে দরপতন ঘটে। ইতালীয় বিভিন্ন কোম্পানির লিবিয়ায় বড় ধরনের ব্যবসা রয়েছে। এশিয়ার মধ্যে জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি সূচক ১ দশমিক ৭০ শতাংশ হারে পড়ে গেছে। একই হারে দরপতন ঘটেছে সিউলের কসপি সূচকের। আর হংকংয়ের হ্যাংসেং সূচক পড়ে গেছে ২ দশমিক ১০ শতাংশ হারে। এ ছাড়া সাংহাই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ২ দশমিক ৬০ শতাংশ পড়ে গেছে।যেসব কোম্পানি জ্বালানি তেলের ওপর অধিকহারে নির্ভরশীল, এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে সেসব প্রতিষ্ঠানের বড় ধরনের দরপতন ঘটেছে। বিমান সংস্থাগুলোর মোট পরিচালন ব্যয়ের ৪০ শতাংশ চলে যায় জ্বালানি তেলের পেছনে। গতকাল সিঙ্গাপুর এয়ারলাইনসের ১ দশমিক ৭০ শতাংশ, কোরিয়ান এয়ারলাইনস নয় শতাংশ, ক্যাথে প্যাসিফিকের সাড়ে চার শতাংশ ও চায়না এয়ারলাইনসের ছয় শতাংশ হারে দরপতন ঘটেছে। ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে লুফথানসার শেয়ারদর কমেছে ২ দশমিক ৪০ শতাংশ।অবশ্য গতকাল নিউজিল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের জেরও পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। নিউজিল্যান্ডের এনজেডএক্স-৫০ সূচক দশমিক ৭০ শতাংশ হারে পড়ে গেছে। আর মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা নিউজিল্যান্ড ডলারের দরপতন ঘটেছে দুই শতাংশ। সূত্র: বিবিসি।