বিশ্ব শেয়ারবাজারে পূর্ণ হলো লোকসানের চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা হয়েছিল গত শুক্রবার। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোও জোনস সূচক ১২০ পয়েন্ট পড়ে গিয়েছিল। তখন অবশ্য এশিয়া ও ইউরোপের শেয়ারবাজার দুই দিনের সাপ্তাহিক ছুটিতে চলে গেছে।আর তাই গতকাল সোমবার প্রথমে এশিয়ায় ও তারপর ইউরোপে প্রধান শেয়ারবাজারগুলোয় বড় ধরনের দরপতন ঘটল। সব মিলে বিশ্ব শেয়ারবাজারে যেন দরপতনের একটি চক্র পূর্ণ হলো। বিশ্লেষকেরা একে বলছেন লোকসানের চক্র। কেননা যে হারে দরপতন ঘটেছে একেকটি বাজারে, তাতে লাভের মুখ দেখার কোনো সুযোগই ছিল না।তবে এই বড় দরপতনের মূলে রয়েছে ইউরোপের আর্থিক সংকট। আরও স্পষ্ট করে বললে, বিপদগ্রস্ত স্পেনে আরেক দফা সংকট। স্পেনের ঋণগ্রস্ত আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাওয়ায় সংকটের বিষয়টি তীব্রতর হয়। গত শুক্রবার দেশটির ১৭টি অঞ্চলের অন্যতম ভ্যালেন্সিয়া কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চায়। আর শনিবার আরেকটি অঞ্চল মুরিকা জানায় যে তারা দেউলিয়া হতে যাচ্ছে।স্পেনের সংকট তীব্রতর হচ্ছে—এমন আশঙ্কায় আগেই নেতিবাচক প্রভাব পড়েছিল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। সোমবার প্রথম কার্যদিবসে তা ছড়িয়ে পড়ে। ইউরোপের বাজারে স্পেনের প্রধান সূচক ৫ শতাংশ পড়ে যায়। মার্কিন ডলারের বিপরীতে ইউরো দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকে।যুক্তরাজ্যের এফটি-১০০ সূচক ৭৬ পয়েন্ট কমে যায়, ইতালির এফটিএসই ৩৩০ পয়েন্ট, ফ্রান্সের ক্যাক সূচক ৫১ পয়েন্ট ও জার্মানির ড্যাক্স সূচক ৮২ পয়েন্ট কমে যায় সোমবার।স্পেনের ১০ বছর মেয়াদি বন্ডের সুদের হার বেড়ে ৭ দশমিক ৫৬ শতাংশে উন্নীত হয়েছে গতকাল। এর মানে হলো, বিশ্ববাজার থেকে স্পেনের ঋণ গ্রহণ আরেক দফা ব্যয়বহুল হলো। কেননা শুক্রবারই এই হার ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।এশিয়ার বাজারে টোকিওর নিক্কি সূচক ১৬১ পয়েন্ট, সিউলের কসপি সূচক ৩৪ পয়েন্ট, সাংহাইয়ের সমন্বিত সূচক ২১ পয়েন্ট, হংকংয়ের হ্যাংসেং সূচক ১৩৬ পয়েন্ট, জাকার্তার সমন্বিত সূচক ৭১ দশমিক ৪১ পয়েন্ট, তাইওয়ানের সূচক ১৩৫ পয়েন্ট, সিঙ্গাপুরের এসটি সূচক ৩৩ পয়েন্ট এবং সিডনির প্রধান সূচক ৭০ পয়েন্ট পড়ে গেছে।এ ছাড়া ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ২৮২ পয়েন্ট কমে ১৭ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। সূত্র: বিজনেস লাইন ও বিবিসি।