চীন সরকারের ঋণপ্রবাহ নিয়ন্ত্রণ করার খবর তো আছেই। তার সঙ্গে যুক্ত হলো বিশ্ব অর্থনীতির নিম্ন প্রবৃদ্ধির খবর। এ দুয়ের সম্মিলিত নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব শেয়ারবাজারের ওপর। আর তাই গতকাল মঙ্গলবার এশিয়া ও ইউরোপের প্রধান প্রধান শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। আবার শেয়ারবাজারের দরপতনের জের ধরে বিশ্ব জ্বালানি তেলের বাজারও নিম্নমুখী হয়ে পড়ে।গতকাল মঙ্গলবার ব্যারেলপ্রতি তেলের দাম ছিল ৭৫ ডলারের নিচে। অবশ্য শেয়ারবাজারের পাশাপাশি বিশ্ব মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠাও তেলের দরপতনের অন্যতম কারণ বলে বিশ্লেষকেরা মনে করছেন। গতকাল প্রতি ইউরোর দর ১ দশমিক ৪১ ডলার থেকে কমে হয় ১ দশমিক ৪০ ডলার। আর প্রতি ব্রিটিশ পাউন্ড ১ দশমিক ৬২ ডলার থেকে কমে হয় ১ দশমিক ৬১ ডলার।শেয়ারবাজার: ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডনের এফটি-১০০ সূচক দশমিক ৭০ শতাংশ হারে পড়ে গেছে। অথচ গতকালই খবর এসেছে যে যুক্তরাজ্য মন্দা থেকে বেরিয়ে এসেছে।বিশ্লেষকেরা বলছেন, ২০০৯ সালের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যে রকম প্রত্যাশা করা হয়েছিল, সে রকম না হওয়ার কারণেই এই খবরটি শেয়ারবাজারকে উত্সাহিত করতে পারেনি।২০০৯ সালের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের প্রবৃদ্ধির হার হয়েছে দশমিক ১০ শতাংশ, যেখানে এই হার অন্তত দশমিক ৩০ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল।যুক্তরাজ্যে প্রত্যাশার চেয়ে কম হারের প্রবৃদ্ধি ইউরোপ ও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোকে প্রভাবিত করেছে। কারণ, বিনিয়োগকারীরা মনে করছেন, বিশ্ব অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল, বাস্তবে তা হচ্ছে না। যুক্তরাজ্যের নিম্নহারের প্রবৃদ্ধি তারই প্রতিফলন।গতকাল প্যারিসের ক্যাক-৪০ সূচক দশমিক ৮০ শতাংশ হারে এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক দশমিক ৭০ শতাংশ হারে হ্রাস পেয়েছে।অথচ গতকালই আবার খবর এসেছে যে জার্মানির ব্যবসায় আস্থা টানা ১০ মাস ধরে অব্যাহত আছে। অন্যদিকে চীনের প্রধান শেয়ারবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক গতকাল ৭৫ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ হারে পড়ে গেছে। গত বছর ৩০ অক্টোবরের পর এটাই সাংহাই শেয়ারবাজারের সবচেয়ে বড় দরপতন।চীন সরকার ব্যাংকগুলোকে ঋণপ্রবাহ নিয়ন্ত্রণ করার যে নির্দেশ দিয়েছে, তারই অংশ হিসেবে গতকাল ব্যাংকগুলো বিধিবদ্ধ জমার হার বাড়িয়েছে। এই খবরে সাংহাই শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয় বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।চীন সরকার এখন মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর তাই মুদ্রানীতি নিয়ন্ত্রণমূলক করার মাধ্যমে ঋণ তথা অর্থপ্রবাহে লাগাম টানার চেষ্টা করছে। কিন্তু চীনের নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি বিশ্ব অর্থনীতির জোরালো পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে অনেকেই মনে করছেন।সে কারণেই বিশ্ব শেয়ারবাজারে বিনিয়োগকারীরা তাদের আস্থা জোরদার করতে পারছেন না। ফলে দরপতন ঘটছে।এশিয়ার মধ্যে জাপানের নিক্কি সূচক ১৮৭ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ হারে পড়ে গেছে। আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ২ শতাংশ হারে। হংকংয়ের হেংসেং কমেছে ৪৮৯ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ। তাইওয়ানের শেয়ারবাজারও সাড়ে ৩ শতাংশ হারে হ্রাস পেয়েছে।সিঙ্গাপুর ও থাইল্যান্ডের প্রধান শেয়ারবাজার যথাক্রমে ২ দশমিক ৪০ শতাংশ ও দশমিক ৬০ শতাংশ হারে কমে গেছে। তবে সরকারি ছুটি থাকায় গতকাল অস্ট্রেলিয়া ও ভারতের শেয়ারবাজার বন্ধ ছিল।অন্যদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়নি। তবে আগাম সূচকের (স্টক ইনডেক্স ফিউচার) প্রবণতা ছিল নিম্নমুখী। এ থেকে মনে করা হচ্ছে, ওয়ালস্ট্রিটেও দরপতন ঘটবে। সূত্র: এপি।