শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণমান (ক্রেডিট রেটিং) এক ধাপ কমে যাওয়ার খবরটি যখন প্রকাশ পায়, তখন অবশ্য এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়ে গেছে। তবে ঋণমান পড়ে যাচ্ছে—এ খবরটি আগেই ছড়িয়ে পড়ায় বাজারে বড় ধরনের পতন ঘটে।তাই ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনতির প্রকৃত প্রভাব দেখতে দুই দিন সাপ্তাহিক ছুটির পর গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসের অপেক্ষায় ছিল সবাই এবং যে ধারণা ছিল, তার তেমন কোনো ব্যত্যয় ঘটেনি। এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। দরপতন ঘটেছে ইউরোপেও।টোকিও স্টক এক্সচেঞ্জের একজন ব্রোকার সুন্দর করে দরপতনের বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘এটা ভীতি থেকে নয়, বরং অনিশ্চয়তা থেকে হয়েছে। এসঅ্যান্ডপি যে আমেরিকার ঋণমান নামিয়ে দিয়েছে, এটা খুব বিস্ময়কর কিছু নয়। কিন্তু এর ফলাফলটা অনিশ্চিত। আমরা জানি না, এর ফলে কী হতে যাচ্ছে।’উল্লেখ্য, আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) যুক্তরাষ্ট্রের ঋণমান ‘বিবিবি’ থেকে নামিয়ে ‘বিবি+’ করে দেয়। এর মানে হলো, আমেরিকাকে ঋণ প্রদান করা এখন আর ঝুঁকিহীন নয়।তবে টোকিওতে জাপানের অর্থায়ন মন্ত্রী (ফিন্যান্স মিনিস্টার) ইওশিহিকো নোদা বলেছেন, আমেরিকার ট্রেজারি বন্ড এখনো জাপানের কাছে আকর্ষণীয়। চীনের পর জাপানই হলো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা। তাঁর এই বক্তব্যের প্রতিফলনও ঘটেছে গতকালের এশিয়ার বাজারে। অনেকটা যুক্তিবিরুদ্ধভাবে মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বন্ডের চাহিদা বেড়ে গেছে গতকাল। অথচ ঋণমানের অবনতিতে আমেরিকার সম্পদের চাহিদা কমে যাওয়ার কথা।বর্তমানে আমেরিকার ঋণের বাজারের পরিমাণ ১০ লাখ কোটি ডলার। অর্থা ৎ এই পরিমাণ বন্ড মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কাছে নির্দিষ্ট সময়ের জন্য জমা রেখে ঋণ নিয়েছে। উল্টোভাবে বললে, বিভিন্ন বিক্রি দেশ আমেরিকার সরকারি বন্ডে মোট এই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।বিশ্লেষকেরা বলছেন, এশিয়ার বিভিন্ন দেশের সরকার তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে দ্রুত হারে অধিক পরিমাণ মার্কিন ডলার যোগ করার জন্য গতকাল সক্রিয় হয়ে ওঠায় চাহিদা বেড়েছে। আর তাই এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে টোকিরও নিক্কি-২২৫ সূচক দুই শতাংশের বেশি পড়ে গিয়ে ১০ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। সিউলের কসপি সূচক ও তাইপের ভারিত সূচক উভয়ই ৩ দশমিক ৮২ শতাংশ হারে পড়ে গেছে।গতকাল সাংহাই ও সিঙ্গাপুরের শেয়ারবাজারে পৌনে চার শতাংশ এবং হংকং সোয়া দুই শতাংশ হারে দরপতন ঘটেছে। অবশ্য ইউরোপের বাজারের চিত্রটা এতখানি নিম্নমুখী নয়। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ঘোষণা দিয়েছে যে, তারা বিভিন্ন সরকারি বন্ড কিনবে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি বন্ডের প্রতি আস্থা বাড়ানোর একটা প্রয়াস নেওয়া হয়েছে। লন্ডনের এফটি-১০০ সূচক ও প্যারিসের ক্যাক সূচক পৌনে দুই শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক সোয়া দুই শতাংশ হারে পড়ে গেছে।সূত্র: এফটি