ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন উপলক্ষে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ব্রাজিল৷
অনেক ব্রাজিলিয়ান যখন মনে করছেন, বিশ্বকাপ আয়োজন অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়, তখন দেশটির রপ্তানি সংস্থা জানিয়েছে, এই টুর্নামেন্টকে ব্যবহার করে তাদের ব্যবসায়ীরা ৩০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থের নতুন রপ্তানি কার্যাদেশ লাভ করতে পারেন। এ ছাড়া, সংস্থাটি দুই হাজার ৩০০ জনের বেশি দেশীয় ব্যবসায়ীকে ভিআইপি লাউঞ্জে বসে খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছে। এর মাধ্যমে তাঁরা বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে নতুন ব্যবসায়িক চুক্তি সম্পাদন করতে পারবেন বলে আশা করছে সংস্থাটি। খবর বাসসের৷
গত বছর বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ আয়োজনের সময় দেশটি এ ব্যাপারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করেছিল৷ তখন আমন্ত্রণ জানানো হয়েছিল ৯০০ ব্যবসায়ীকে। এর ফলে তারা ১১০ কোটি ইউরো মূল্যের নতুন রপ্তানি চুক্তি করতে সক্ষম হয়৷ পাশাপাশি ৭০ লাখ ইউরোর সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলীয় রপ্তানি সংস্থাটির বাণিজ্য পরিচালক রিকার্ডো সান্তানা জানান, ‘আমরা মনে করি, বিশ্বকাপের ওই বিনোদনের মুহূর্তগুলো পারস্পরিক আপসরফার মাধ্যমে সাফল্য অর্জনের উপযুক্ত সময়। কার্যক্রমটি যদি সফল হয় তাহলে শুধু ক্রীড়াসামগ্রী দিয়েই কোটি কোটি টাকা আয় করা সম্ভব।’ এতে অনেক ব্রাজিলীয় আর্থিক অনটন থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন এবং তাঁদের জীবনমানের উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।