নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের প্রতিযোগিতা হলো
দেশের সর্ববৃহৎ বিপণন বা মার্কেটিং প্রতিযোগিতা ব্র্যান্ডউইটজ ২০১০ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রথয় ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) দুটি দল।চূড়ান্ত পর্বের বিষয়বস্তু ছিল ক্রিকেট বিশ্বকাপ ২০১১ উপলক্ষে বাংলাদেশ ব্র্যান্ডিং। এই পর্বে অংশ নেওয়া চারটি দল নিজস্ব দৃষ্টিকোণ থেকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কীভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা যায়, সে বিষয়ে চারটি উপস্থাপনা দেয়। এসব উপস্থাপনার ভিত্তিতে বিচারকেরা চূড়ান্ত বিজয়ী নির্বাচন করেন। বাংলাদেশের পরবর্তী ব্র্যান্ডিং প্রতিভা খুঁজে বের করাই ছিল প্রতিযোগিতার উদ্দেশ্য। গত বুধবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমিউনিকেশন ক্লাবের (আইবিএসিসি) আয়োজনে এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশ নেয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেয়ার কেয়ার ব্র্যান্ড ক্লিয়ার। বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম হামিম রহমতউল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন আইবিএর পরিচালক গোলাম মোহাম্মদ চৌধুরী, আইসিসি বিশ্বকাপ ২০১১-এর স্থানীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান, ব্র্যান্ডউইটজ ২০১০-এর সমন্বয়কারী সৈয়দ মুনীর খসরু প্রমুখ।এ এম হামিম রহমতউল্লাহ বলেন, ‘জাতি হিসেবে আমরা দরিদ্র নই। আমরা দরিদ্র ব্যবস্থাপনার জাতি। বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হলে সততা ও অভিজ্ঞতার প্রয়োজন।’ তিনি আরও জানান, ফরেন চেম্বারের সদস্যরা প্রধানত সেবা খাতের ব্যবসা করে থাকেন। সেবা খাত দিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সহায়তা করছে ফরেন চেম্বার। বাংলাদেশের তরুণ প্রজন্মকে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের কাজে লাগাতে হবে। গোলাম মোহাম্মদ চৌধুরী জানান, নতুন পণ্যকে যেমন ব্র্যান্ডিং করতে নানা উদ্যোগ নেওয়া হয়, তেমনি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা সম্ভব বলে তিনি অভিমত দেন। তিনি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, তা খুঁজে বের করার পরামর্শ দেন। সৈয়দ মুনীর খসরু বলেন, ‘রাজনীতি ও অসহিষ্ণুতা আমাদের জীবনে রয়েছে। এর মধ্যেও বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাইছি। এই উদ্যোগের সঙ্গে রয়েছে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের হাতেই রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্য।’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব আলী যাকের, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান ও শাহ ইমাম মাসুদ।