বিশ্বকাপ দেখতে ছুটছেন ভারতীয় শিল্পপতিরা
বিশ্বকাপ ফুটবলের আসরে মাঠে নেই জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের প্রথম ও দ্বিতীয় দুই দেশ চীন ও ভারত। তবে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিরা টুর্নামেন্টের শেষ বাঁশি বাজা পর্যন্ত ব্রাজিলে উপস্থিত থাকবেন। ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠান থেকেই তাঁরা অনেকে উপস্থিত হয়েছেন।
এমঅ্যান্ডএম গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্র এক টুইট বার্তায় ব্রাজিল দলের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, তিনিও হলুদ জ্বরে আক্রান্ত এবং রিও ডি জেনিরোতে উপস্থিত থাকবেন। এমঅ্যান্ডএম অর্থাৎ মাহিন্দ্র ও মাহিন্দ্র গোষ্ঠী হলো ভারতের অন্যতম বহুজাতিক মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। আর ফুটবলের এক বড় ভক্ত আনন্দ মাহিন্দ্র কয়েক বছর আগে মুম্বাইয়ে একটি ফুটবল দলের মালিকও ছিলেন।
ফিউচার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোর বিয়ানিও রিওমুখী হচ্ছেন। ভারতের সবচেয়ে বড় চেইন স্টোরগুলোর অন্যতম প্রতিষ্ঠানটির কর্ণধার কিশোর তাঁর স্ত্রী সঙ্গীতা বিয়ানিকে নিয়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখতে যাচ্ছেন।
আর্জেন্টিনার প্রবল সমর্থক কিশোর জানিয়েছেন যে এটি তাঁর প্রথম ব্রাজিল সফর। ফলে পুরো সফরটিই তাঁর জন্য বেশ উত্তেজনাকর।
এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান দীপক পারেখ, ভিডিওকন গ্রুপের ভেনুগোপাল ধূত এবং হিরো মোটরের পাওয়ান মানজাল বেশ কয়েকটি ম্যাচের জন্য টিকিট বুক করেছেন। মানজাল তাঁর প্রতিষ্ঠানের এক ডজন সেরা কর্মকর্তা নিয়ে ইতিমধ্যে ব্রাজিল চলে গেছেন।
পারেখককে বিভিন্ন সময় উইম্বলডনসহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে দেখা গেছে। এবারে ব্রাজিলে তিনি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখার জন্য এক সপ্তাহ কাটাবেন।
ভিডিওকন গ্রুপ সম্প্রতি ব্রাজিলে একটি তেল-গ্যাস ব্লক বরাদ্দ পেয়েছে। এই গ্রুপের কর্ণধার ভেনুগোপাল ধূত খেলা দেখার পাশাপাশি ব্রাজিল সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ভারতে ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয়। ভারতীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা এই ‘ভদ্রলোকের খেলায়’ টাকা ঢালতেও পছন্দ করেন। কিন্তু অতীতে অনেক ভারতীয় শিল্পপতি ও প্রতিষ্ঠান ফুটবল দলের মালিকানায় ছিল। পাঞ্জাবে জেসিটি ফাগওয়ারা কিংবা গোয়ায় মাহিন্দ্র, ডেমপো ও সালগানকরের কথা বলা যায়। কলকাতার ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মালিকানায় ছিলেন কিংফিশারের মালিক বিজয় মাল্লা।
কক্স অ্যান্ড কিংস এবারের বিশ্বকাপ আয়োজনে ফিফার অন্যতম অংশীদার। প্রতিষ্ঠানটি মূলত বিদেশ থেকে যাঁরা খেলা দেখতে আসছেন, তাঁদের থাকা-খাওয়ার জোগাড়যন্ত্রের দায়িত্ব পালন করছে।
এই প্রতিষ্ঠানটি সূত্রেই জানা গেছে, শ খানেক ভারতীয় ব্যবসায়ী বিশ্বকাপ দেখার জন্য তাঁদের মাধ্যমে প্যাকেজ নিয়েছেন। খেলার টিকিট এবং খাদ্য-পানীয় মিলে মাথাপিছু এক হাজার ১৫০ ডলারের একটি প্যাকেজ যেমন তাঁদের আছে, তেমনি আছে হোটেলে থাকা ও যাতায়াতসহ তিন রাতের প্যাকেজের, যার মূল্য এক হাজার ৫৭৫ ডলার থেকে দুই হাজার ২৬৫ ডলার।
এই খরচের পাশাপাশি রয়েছে বিমানের ভাড়া, যা শ্রেণিভেদে (ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস ও ফার্স্ট ক্লাস) দুই থেকে পাঁচ লাখ রুপি বা সাড়ে তিন থেকে সাড়ে আট হাজার ডলার পর্যন্ত৷
প্রথম পর্বের খেলা দেখার ক্ষেত্রে বেশির ভাগ ভারতীয় শিল্পপতি বেছে নিয়েছেন সেইসব ম্যাচ, যেখানে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ডের মতো দলগুলো। সূত্র: ইকোনমিক টাইমস।