বিশ্বকাপ: অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে দক্ষিণ আফ্রিকা
শেষ হলো বিশ্বকাপের আসর। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া আসরের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এই আয়োজন থেকে কী পেল, এই প্রশ্ন এখন সবার; বিশেষ করে অর্থনৈতিক বিশ্লেষকদের। দক্ষিণ আফ্রিকা এমন একটি সময়ে বিশ্বকাপের আয়োজন করেছে, যখন অর্থনৈতিক মন্দা বিশ্বের অনেক দেশকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা নিজেও এই আসর আয়োজনের আগে এমন একটি অর্থনৈতিক পরিস্থিতির মুখে ছিল, যেখানে বেকারত্ব বাড়ছিল আর অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলো ছিল বেশ নিম্নমুখী। নানা ধরনের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজন কতটা লাভজনক হবে, তা নিয়েও ছিল বিস্তর শঙ্কা। কিন্তু সব শঙ্কা আর দ্বিধাদ্বন্দ্ব পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সফল আয়োজক হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে নতুন কিছু সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সম্ভাবনাগুলো দক্ষিণ আফ্রিকাকে ভবিষ্যতে শক্ত অর্থনৈতিক ভিত গড়তে সহায়তা করবে।বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে কী ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচন করল? বিশ্বকাপ চলাকালীন বিখ্যাত ইংরেজি সাময়িকী নিউজ উইক-এ প্রকাশিত এক পরিসংখ্যানে জানা যায়, এবারের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে অতিরিক্ত এক হাজার ২০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ আয় নিশ্চিত করবে। এর মধ্যে দেশটির নগদ আয় হবে সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বড় ব্যাপার, বিশ্বকাপের ফলে দেশটিতে প্রায় দুই লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা দেশটির পুঞ্জীভূত বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধি প্রায় ০ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি করবে। বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনায় গেলে এসব পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকা সরকারকে ভালো স্বস্তি এনে দেবে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।এদিকে এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৪ সালে ফিফা যখন দক্ষিণ আফ্রিকাকে ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে মনোনীত করে, তখন থেকেই বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে দেশটির প্রবৃদ্ধি ০ দশমিক ৫ শতাংশ থেকে ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতির কারণে দেশটির কর্মসংস্থানও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল।অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানের পাশাপাশি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পর্যটন খাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশ্বকাপের সময় প্রায় পাঁচ লাখ বিদেশি পর্যটক দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। তাঁরা প্রায় মাসাধিককাল দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে দেশটির পর্যটন খাতের জন্য এক চিরস্থায়ী সম্ভাবনা তৈরি করেছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছিল। এই আতঙ্কের কারণে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকায় বিদেশি পর্যটক প্রত্যাশিত হারে দেখা যাবে না। সব শঙ্কার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকা বিপুল পরিমাণ বিদেশি পর্যটককে আতিথ্য দিয়েছে এবং পর্যটকেরা নিজেদের নিরাপদই মনে করেছেন। সেই হিসেবে বিশ্বকাপ বিশ্বব্যাপী দক্ষিণ আফ্রিকা সম্পর্কে মনোভাব বদলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্বকাপের ফলে অবকাঠামোগত উন্নয়ন দক্ষিণ আফ্রিকার জন্য তৈরি করেছে বিদেশি বিনিয়োগের চমৎকার সম্ভাবনা।