বিশ্বজুড়ে ব্যক্তিগত সম্পদ দ্রুত বাড়ছে
বিশ্বব্যাপী ২০১৩ সালে ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়ে ১৫২ ট্রিলিয়ন বা ১৫২ লাখ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি।
বিশ্বে ব্যক্তিগত সম্পদের এই পরিমাণ ২১৬টি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়ে দেড় গুণেরও বেশি। বর্তমানে বিশ্ব জিডিপির পরিমাণ প্রায় ৯০ ট্রিলিয়ন বা ৯০ লাখ কোটি ডলার। উল্লেখ্য, এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি।
বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি নগদ অর্থ, ব্যাংকে রাখা আমানত, শেয়ার ও অন্যান্য সম্পদের মূল্যমানের ভিত্তিতে হিসাবটি তৈরি করেছে। এ ক্ষেত্রে অন্যান্য ব্যবসায়, রিয়েল এস্টেট বা স্থাবর সম্পদ ও বিলাসী পণ্য হিসাবে ধরা হয়নি।
বিসিজির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় সব দেশেরই হিসাব নেওয়া হয়েছে। এতে দেখা গেছে যে দেশে দেশে শেয়ারবাজারের ব্যবসা ফুলেফেঁপে ওঠার (২৮% প্রবৃদ্ধি) ফলেই ব্যক্তিগত সম্পদের পরিমাণ বেড়েছে।
প্রতিবেদন মতে, ইউরোপ-আমেরিকার অর্থনীতিতে স্থিতিশীলতা ও পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকায় তা ব্যক্তিগত পর্যায়ে সম্পদ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
বিসিজি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার দেশসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এর ফলে এই অঞ্চলের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হার বেড়েছে।
এশিয়ায়, বিশেষ করে চীনে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পেয়েছে ৪৯ শতাংশ। চীনের পাশাপাশি ভারতেও সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
বিসিজির পূর্বাভাস অনুযায়ী আগামী ২০১৮ সাল নাগাদ এশিয়া অঞ্চলে ব্যক্তিগত সম্পদের মোট পরিমাণ বেড়ে ৬১ ট্রিলিয়ন ডলারে উঠবে, আর চলতি ২০১৪ সালেই পশ্চিম ইউরোপকে ছাড়িয়ে যাবে।
আলোচ্য বছরে জাপান ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যক্তিগত সম্পদ আগের বছরের চেয়ে ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭ ট্রিলিয়ন ডলারে উঠেছে।
আঞ্চলিক হিসাবে গত বছর উত্তর আমেরিকায় মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫০ লাখ ৩০ হাজার কোটি ডলারে উঠেছে, যা যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ পশ্চিম ইউরোপে ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭ লাখ ৯০ হাজার কোটি ডলার হয়েছে।
রাশিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রসহ পূর্ব ইউরোপে ব্যক্তিগত সম্পদ ১৭ দশমিক ২ শতাংশ বেড়ে দুই লাখ ৭০ হাজার কোটি ডলারে উঠেছে। লাতিন আমেরিকায় তা ১১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন লাখ ৯০ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে। আর মধ্যপ্রাচ্যে ব্যক্তিগত সম্পদ ১১ দশমিক ৬ শতাংশ বেড়ে পাঁচ লাখ ২০ হাজার কোটি ডলার হয়েছে।
আলোচ্য বছরে বিশ্বে মিলিয়িনয়ার তথা ১০ লাখ ডলারের বেশি পরিমাণ সম্পদের মালিক এমন লোকের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৬৩ লাখ। আগের বছর ২০১২ সালে এই সংখ্যা ছিল এক কোটি ৩৭ লাখ।
দেশ ভিত্তিতে সর্বোচ্চ ৭১ লাখ ৩৫ হাজার জন মিলিয়নিয়ার রয়েছেন বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ২৩ লাখ ৭৮ হাজার।
শীর্ষ দশে থাকা অপর দেশগুলোর মধ্যে জাপানে ১২ লাখ ৪০ হাজার, যুক্তরাজ্যে পাঁচ লাখ ১৩ হাজার, সুইজারল্যান্ডে চার লাখ ৩৫ হাজার, জার্মানিতে তিন লাখ ৮৬ হাজার, কানাডায় তিন লাখ ৮৪ হাজার, তাইওয়ানে তিন লাখ ২৯ হাজার, ইতালিতে দুই লাখ ৮১ হাজার ও ফ্রান্সে দুই লাখ ৭৪ হাজার মিলিয়নিয়ার রয়েছেন।
এই তালিকায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভারত সবার চেয়ে এগিয়ে আছে। দেশটির অবস্থান ১৫তম, আর মিলিয়নিয়ার আছেন এক লাখ ৭৫ হাজার।
সূত্র: বিসিজি গ্লোবাল ওয়েলথ মার্কেট ও বিবিসি।