বিশ্ববাজার থেকে ২৭ লাখ গাড়ি তুলে নিচ্ছে টয়োটা
জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বিশ্ববাজার থেকে টয়োটা করোলা ও দ্বিতীয় প্রজন্মের প্রিউসসহ নয়টি মডেলের ২৭ লাখ গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে। স্টিয়ারিং হুইল ও ওয়াটার পাম্প সিস্টেমে সমস্যার কারণে এসব গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে বিশ্বখ্যাত কোম্পানিটি।সপ্তাহ চারেক আগে টয়োটা বিশ্ববাজার থেকে বিভিন্ন মডেলের ৭৪ লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। ১৯৯৬ সালে ফোর্ড কোম্পানি বিশ্ববাজার থেকে ৮০ লাখ গাড়ি তুলে নেওয়ার পর এটিই হচ্ছে এ ধরনের একক বৃহত্তম ঘটনা। করোলা, ক্যামরি ও ইয়ারিস, ভায়োস, ম্যাট্রিক্স, অরিস, আরএভি৪, হাইল্যান্ডার, তুন্দ্রা, সেকোইয়া, এক্সবি, এক্সডি ইত্যাদি। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে এসব গাড়ি তৈরি করা হয়। টয়োটার পক্ষে এর মুখপাত্র জোইচি ত্যাচিকাওয়া বিবিসিকে জানান, স্টিয়ারিং ও ওয়াটার পাম্প সিস্টেমে ত্রুটির কারণে তাঁরা গাড়ি তুলে নিচ্ছেন। এর আগে ২০০৯ সালে টয়োটা বিশ্বাবাজার থেকে প্রায় এক কোটি ২০ লাখ গাড়ি তুলে নিলে এর সুনাম যথেষ্ট ক্ষুণ্ন হয়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাও কোম্পানিটিকে জরিমানা করে এবং কোম্পানিও ক্ষমা চায়।সেই ধকল সামাল দিতে না দিতেই ২০১১ সালের সুনামির কারণে আবার গাড়ি উৎপাদনে ধাক্কা খায় টয়োটা। সেটিও উৎরে যখন আবার টয়োটা বিশ্বের বৃহত্তম গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে, তখনই নতুন করে হোঁচট খেল। এ ছাড়া চীনের সঙ্গে সীমানা নিয়ে জাপানের বিরোধের কারণেও গত মাসে চীনে টয়োটার গাড়ি রপ্তানি ৫০ শতাংশ কমেছে।