বিশ্ববাজার থেকে ৭৪ লাখ গাড়ি তুলে নিচ্ছে টয়োটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বিশ্বের বিভিন্ন দেশের বাজার থেকে স্বেচ্ছায় বিভিন্ন মডেলের ৭৪ লাখ গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে।টয়োটা যেসব মডেলের গাড়ি প্রত্যাহার করতে চলেছে, সেগুলো হলো: করোলা, ক্যামরি ও ইয়ারিস, ভায়োস, ম্যাট্রিক্স, অরিস, আরএভি৪, হাইল্যান্ডার, তুন্দ্রা, সেকোইয়া, এক্সবি, এক্সডি ইত্যাদি। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে এসব গাড়ি তৈরি করা হয়।জানালায় ত্রুটির কারণে বাজার থেকে এসব গাড়ি তুলে নিচ্ছে জাপানের বিশ্বখ্যাত কোম্পানিটি। ১৯৯৬ সালে ফোর্ড কোম্পানি বিশ্ববাজার থেকে ৮০ লাখ গাড়ি তুলে নেওয়ার পর এটিই হচ্ছে এ ধরনের একক বৃহত্তম ঘটনা।টয়োটা সর্বোচ্চ ২৪ লাখ ৭০ হাজার গাড়ি প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অন্য উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে ইউরোপ থেকে ১৩ লাখ ৯০ হাজার, যুক্তরাজ্য থেকে ১৩ লাখ ৮০ হাজার ও অস্ট্রেলিয়া থেকে ছয় লাখ ৫০ হাজার গাড়ি তুলে নেবে কোম্পানিটি। খবর বিবিসির।এমনকি জাপানের স্থানীয় বাজার থেকেও চার লাখ ৫০ হাজার গাড়ি প্রত্যাহার করবে টয়োটা। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও কানাডাসহ অন্য ছোট বাজারগুলো থেকেও হাজার হাজার গাড়ি তুলে নেবে তারা।জানালায় সমস্যা থাকলেও এসব গাড়ি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কিংবা কেউ মারা গেছে অথবা আঘাত পেয়েছে, এমন ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে টয়োটা দাবি করেছে।