বিশ্ববাজারে খাদ্যপণ্য ও তুলার দামে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে খাদ্য ও তুলার দাম বেড়েই চলেছে। এর মধ্যে বিশেষ করে, বিশ্বের অন্যতম প্রধান খাদ্যপণ্য যথাক্রমে চাল, গম ও ভুট্টার দাম বেড়ে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। তবে এ নিয়ে বিশ্ববাজারে গত ১০ বছরে খাদ্যপণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে এবং আগামী ১০ বছরে তা আরও ৫০ শতাংশ বাড়বে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। অন্যদিকে তুলার দামও বেড়ে গত মঙ্গলবার ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে।আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রেক্ষাপটে অবশ্য বিশ্বসম্প্রদায় নেহাত বসে নেই। জাতিসংঘের অঙ্গসংগঠন খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) গত ২৪ সেপ্টেম্বর বিশেষ সভা করে বিভিন্ন দেশ ও বিশেষজ্ঞদের কথা শুনেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটি এবং ফিলিপিনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট—ইরি) এশীয় দেশগুলোকে খাদ্যনিরাপত্তা জোরদার করতে চালের মজুদ বাড়ানোর পরামর্শ দিয়েছে।কেন বাড়ছে খাদ্যপণ্যের দাম?বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার প্রধান কারণটি যে ক্রমবর্ধমান জনসংখ্যা, তা নিয়ে বিতর্ক নেই। কারণ, বিশ্বে দিন দিন একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে আবাসন ও শিল্পায়নসহ কতগুলো বৈশ্বিক কারণে ফসলি জমির পরিমাণ কমছে। এর ওপর জমির উর্বরতা শক্তি কমায় উৎপাদনের হারও হ্রাস পাচ্ছে ক্রমাগত। সেই সঙ্গে জলবায়ুর পরিবর্তন ও সেচ-সুবিধার অভাবেও প্রভাব পড়ছে।অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সম্প্রতি অনুষ্ঠিত খাদ্যনিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের এক সম্মেলনে ফোরামের চেয়ারম্যান জিওফ্রে লরেন্স জানান, বিশ্বে গত ১০ বছরে খাদ্যসামগ্রীর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। আগামী ১০ বছরে বিশ্ববাজারে চাল, গম ও ভুট্টার মতো প্রধান খাদ্যপণ্যগুলোর দাম আরও ৫০ শতাংশ বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।জিওফ্রে লরেন্স মনে করেন, জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশ, ভারত, চীন ও ইন্দোনেশিয়ায় খাদ্যের উৎপাদন ব্যাপক হারে কমে যাবে। এশিয়ার অবস্থা সঙ্গিনযুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটি এবং ফিলিপিনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান (ইরি) বলেছে, চালের বিষয়ে বিশেষ করে, এশিয়ার দেশগুলোকে গভীর মনোযোগ দিতে হবে। গত সোমবার প্রকাশিত ওই দুটি সংস্থার এক প্রতিবেদনে এশিয়ার দেশগুলোকে এই অঞ্চলের অন্যতম ব্যবসাকেন্দ্র সিঙ্গাপুরে একটি ফিউচার মার্কেট বা ‘ভবিষ্যৎ বাজার’-ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। এতে আঞ্চলিক বাজারে চালের দামে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আসবে, যা এসব দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এদিকে ইরির এক প্রাক্কলনে এশিয়ার দেশগুলোকে চলতি ২০১০ সাল থেকে আগামী ২০৩০ সাল পর্যন্ত কৃষি খাতে প্রতিবছর এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের পরামর্শ দিয়ে বলা হয়েছে, এর ফলে পরবর্তী ২৫ বছরে একদিকে খাদ্যের উৎপাদন সাড়ে আট শতাংশ বাড়বে, অন্যদিকে দারিদ্র্যও ১৫ শতাংশ কমবে।এফএওর বিশেষ সভাআন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পরিস্থিতিতে গত ২৪ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে এফএওর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে ৭৫টিরও বেশি দেশ যোগ দেয়। এই সভায় বলা হয়, দামের অস্থিরতা খাদ্যনিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠেছে। তবে তা খাদ্য-সংকট সৃষ্টি করবে না এবং চলতি বছরে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ পরিমাণে চাল উৎপাদন হবে বলেও সভায় আশার বাণী শোনানো হয়।এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈশ্বিক যোগাযোগ প্রধান গ্রেগ ব্যারো বিবিসিকে বলেছেন, বর্তমানে বাজারে খাদ্যপণ্যের যে দাম চলছে, তা দরিদ্র মানুষের জন্য খুবই বেশি। এ অবস্থায় রেশন কার্ড বিতরণসহ অন্যান্য সহায়তা দেওয়াকে সেরা সমাধান মনে করা হচ্ছে। গমের উৎপাদন কমেছেআন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে গমের দাম বাড়ছে। বিশ্লেষকেরা মনে করেন, একদিকে উৎপাদন কম হওয়া, অন্যদিকে আমদানির চাহিদা বাড়ার কারণেই মূলত পণ্যটির দাম বাড়ছে। এ ছাড়া এবার বিভিন্ন দেশে উৎপাদিত গমের মানও খারাপ হয়েছে। যেমন, ইউরোপীয় দেশগুলোতে উৎপাদিত গমের মাত্র ৫৫ শতাংশ হচ্ছে মিলে নেওয়ার মতো। গত দুই বছরে এই হার ছিল ৭০ শতাংশ। জার্মানিতে উৎপাদিত গমের মাত্র ৪০ থেকে ৪৫ শতাংশ হচ্ছে মিলে নেওয়ার মতো মানসম্পন্ন, যা গত বছরে ছিল ৯০ শতাংশ। যা হোক, বর্তমানে ইউরোপ এবং লাতিন ও দক্ষিণ আমেরিকায় গমের দাম ৬০ থেকে ৭০ শতাংশ বেশি, যা এশিয়ায় ৫০ শতাংশ।বাংলাদেশে চালের বাজারবাংলাদেশের বাজারে সরকারি হিসাবেই গত এক মাসে মোটা বা ইরি চালের দাম বেড়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। আর এক বছরের হিসাব ধরলে দর বাড়ার হার ৫০ শতাংশেরও বেশি। বর্তমানে ঢাকার বাজারে যে চাল বিক্রি হচ্ছে ৩২ টাকায়, তা ঠিক এক বছর আগে এই সময়ে ছিল ২১ টাকা। অর্থাৎ, এক বছরে কেজিপ্রতি দাম বেড়েছে ১১ টাকা। তবে চিকন চালের দাম কেজিপ্রতি আরও বেশি বেড়েছে। এক বছর আগে নাজিরশাইল ছাড়া অন্যান্য চিকন চালের দাম ছিল কেজিপ্রতি ২৪ থেকে ২৫ টাকা। অথচ এখন (নাজিরশাইল ছাড়া) সবচেয়ে কম দামের চিকন চালের দামও ৩৮ টাকা।বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্যে দেখা যায়, ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করলে পরিবহন ও গুদামজাত করার খরচসহ প্রতি কেজির দাম ২৭ টাকার কাছাকাছি হয়। অথচ ঢাকার পাইকারি বাজার বাবুবাজারে সবচেয়ে কম দামের চালও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩১ টাকার ওপরে, যা খুচরা বাজারে ৩২ টাকার বেশি।খাদ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সরকারের কাছে এখন ছয় লাখ ৬০ হাজার টন চাল, ৮০ হাজার টন গম রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরে ৪৫ হাজার টন গম খালাসের অপেক্ষায় রয়েছে। এর বাইরে সরকার বিদেশ থেকে ১০ লাখ টন চাল ও দুই লাখ টন গম আনার প্রক্রিয়া শুরু করেছে। সরকার মনে করছে, খাদ্য মজুদ নিয়ে কোনো ধরনের আশঙ্কার কারণ নেই।তুলার দামে ঊর্ধ্বগতিআন্তর্জাতিক বাজারে তুলার দাম হু হু করে বাড়ছে। আগামী ডিসেম্বর মাসে সরবরাহ করা হবে, এমন আগাম চুক্তিতে গত মঙ্গলবার প্রতি পাউন্ড তুলার দাম নির্ধারিত হয়েছে এক ডলার ছয় সেন্ট, যা ১৫ বছরের মধ্যে তুলার সর্বোচ্চ আন্তর্জাতিক দর এবং গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তুলার দাম প্রতি পাউন্ড এক ডলার অতিক্রম করল।বিশ্বের বৃহত্তম উৎপাদক ও রপ্তানিকারক যুক্তরাষ্ট্র, সবচেয়ে বড় ব্যবহারকারী আমদানিকারক চীনে অতিবৃষ্টির কারণে এবার উৎপাদন কমে যাওয়ায় এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক ভারত গত এপ্রিল থেকে রপ্তানি নিষিদ্ধ রাখায় আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে তুলার দাম বাড়ছে। সেই সঙ্গে বলা হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম তুলা উৎপাদক দেশ পাকিস্তানে ভয়াবহ বন্যার ফলে দেশটির তুলার উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যা বৈশ্বিক সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলেছে।এক প্রাক্কলনে বলা হয়েছে, বিশ্বে ২০১০-১১ উৎপাদন-বিপণন মৌসুমে বিশ্বে তুলার মোট চাহিদা হচ্ছে ১১ কোটি ৯১ লাখ ৬০ হাজার বেল (প্রতি বেল = ৪৮০ পাউন্ড বা ২১৮ কেজি)। অথচ এই মৌসুমে মোট উৎপাদন হতে পারে ১১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার বেল।এদিকে তুলার দাম বেড়ে চলায় আগামী দিনগুলোয় তৈরি পোশাকের মূল্যস্ফীতি ঘটবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকেরা। যুক্তরাজ্যে এমনিতেই জানুয়ারি মাসে তৈরি পোশাকের ওপর ২০ শতাংশ হারে মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে। এখন তুলার দাম বেড়ে যাওয়ায় সুতাও ব্যয়বহুল হয়ে পড়ছে। ফলে ভবিষ্যতে বস্ত্র ও তৈরি পোশাকের জন্য সাধারণ ভোক্তাদের আগের তুলনায় বেশি অর্থ খরচ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।বাংলাদেশে তুলার পরিস্থিতিবিশ্ববাজারে তুলার দর বাড়ার জের ধরে বাংলাদেশের বাজারেও সুতার দাম বাড়তে শুরু করেছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সূত্রে জানা গেছে, এখন প্রতি কেজি সুতার জন্য চার ডলার থেকে ৪ দশমিক ৩০ ডলার পর্যন্ত দর গুনতে হচ্ছে। অথচ এক মাস আগেও প্রতি কেজি সুতা সাড়ে তিন থেকে ৩ দশমিক ৭০ ডলারের মধ্যে ওঠানামা করেছে।দেশীয় সুতা প্রস্তুতকারক কারখানাগুলো বিশ্ববাজারে তুলার দাম বাড়ার অজুহাতে দেশের ভেতর অস্বাভাবিক হারে সুতার দর বাড়িয়ে দিয়েছে বলে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা অভিযোগ করেছেন। তাঁদের মতে, সুতার দাম বাড়ার কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা, বেকার হচ্ছেন লাখ লাখ শ্রমিক এবং থেমে যাচ্ছে এ শিল্পের অগ্রযাত্রা।তবে সুতা প্রস্তুতকারকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সভাপতি আবদুল হাই সরকার প্রথম আলোকে সম্প্রতি বলেন, ‘সুতার দামের বিষয়টি আন্তর্জাতিক বাজারে তুলার দামের ওপর নির্ভরশীল। আর তুলার দামের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, আমরা বাইরে থেকেই তুলা আমদানি করে থাকি।’এদিকে সুতার অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে আগামী এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার সচিবালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান। সূত্র: বিবিসি, ব্লুমবার্গ, এফএও, এএফপি।