বিশ্ববাজারে জ্বালানি তেল, স্বর্ণ রৌপ্য ও কপারের মূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে ফের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। একই সঙ্গে বেড়েছে স্বর্ণ, রৌপ্য ও কপারের মতো মূল্যবান ধাতুগুলোর দামও। এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি পাঁচ ডলার বেড়েছে। গত সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ৭৪ ডলারের কাছাকাছি দামে বিক্রি হয়। এরপর জাপানের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি হওয়ার খবরে তেলের দাম আরও বেড়ে যায়। গত বুধবার যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭৭ ডলার ছাড়িয়ে যায় এবং সপ্তাহ শেষে তা ৮০ ডলারে উঠে যায়। একই সময়ে যুক্তরাজ্যে প্রতি ব্যারেল তেল প্রায় ৭৬ ডলারে কেনাবেচা হয়।আগের সপ্তাহের শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল প্রায় ৭৫ ডলারে কেনাবেচা হয়।এদিকে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে স্বর্ণের দামও আগের সপ্তাহের চেয়ে আউন্সপ্রতি ২৮ ডলার বাড়ে। এ সপ্তাহের গোড়ার দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ১১১৬ দশমিক ৮৫ ডলারে উন্নীত হয়। এটি হচ্ছে গত দুই সপ্তাহের মধ্যে স্বর্ণের সর্বোচ্চ দর। পরবর্তী সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খোলাবাজারে আরও স্বর্ণ বিক্রি করবে, এমন খবর প্রকাশ পাওয়ায় পণ্যটির দাম অবশ্য কিছুটা কমে আসে।তবে সপ্তাহ শেষে তা আবার বেড়ে যায়। ফলে সপ্তাহ শেষে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ১১১৮ দশমিক ৫০ ডলারে উন্নীত হয়।বিশ্ববাজারে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৮০ ডলারে কেনাবেচা হয়।এ ছাড়া গত সপ্তাহে প্রতি আউন্স রৌপ্যের দাম প্রায় এক ডলার বেড়ে ১৬ দশমিক ৩২ ডলারে ওঠে। যা গত সপ্তাহে ছিল ১৫ দশমিক ৪৪ ডলার। এক সপ্তাহের ব্যবধানে কপারের দামও টনপ্রতি প্রায় ৪২৭ ডলার বেড়ে ৭১৯২ দশমিক ৫০ ডলারে উন্নীত হয়, যা সপ্তাহখানেক আগে ছিল ৬৭৬৫ দশমিক ৭৫ ডলার।