বিশ্ববাজারে জ্বালানি তেল স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল, স্বর্ণ ও রৌপ্যের দাম বেশ বেড়েছে। এর মধ্যে স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ার ক্ষেত্রে রেকর্ড হয়েছে।চাহিদা কমে যাওয়ায় সৌদি আরব তেল উৎপাদন কমাবে বলে খবর প্রকাশিত হওয়ায় গত সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক ব্রেন্ট সূচকে অপরিশাধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১২০ ডলারের নিচে নেমে আসে। কিন্তু পরবর্তীকালে তেলের মজুদ কমার তথ্য প্রকাশ পাওয়ায় এবং প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর কমে যাওয়ায় সপ্তাহান্তে তেলের দাম পুনরায় বেড়ে ১২৪ ডলার ছাড়িয়ে যায়।অন্যদিকে ইউরো অঞ্চলের অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চলমান অস্থিরতা, বিশ্ব মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং যুক্তরাষ্ট্রের ঋণমান নিয়ে প্রকাশিত তথ্যের আশঙ্কা বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি এক হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড হয়। সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে একপর্যায়ে স্বর্ণের দাম আউন্সপ্রতি এক হাজার ৫১২ ডলার ছাড়িয়ে যায়।একই সময়ে রৌপ্যের দামও বেড়ে গিয়ে আউন্সপ্রতি ৪৬ দশমিক ৬৯ ডলারে ওঠে যায়। এটি হলো ১৯৮০ সালের পর রৌপ্যের সর্বোচ্চ দাম।তবে গত সপ্তাহের শেষ কেনাবেচায় প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৫০৮ ডলারে এবং রৌপ্য ৪৬ দশমিক ৬৭ ডলারে সাব্যস্ত হয়। যা আগের সপ্তাহের শেষে ছিল যথাক্রমে এক হাজার ৪৮৬ ডলার ও ৪৩ দশমিক ০১ ডলার।