বিশ্ববাজারে তুলার দরপতনে বিপাকে দেশীয় বস্ত্র খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববাজারে দামের উত্থান–পতনের সঙ্গে ক্রয়মূল্য সমন্বয় করা সম্ভব হচ্ছে না
বিশ্ববাজারে দামের উত্থান–পতনের সঙ্গে ক্রয়মূল্য সমন্বয় করা সম্ভব হচ্ছে না

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ওঠানামার ঝুঁকি এড়াতে কিছু ক্ষেত্রে হেজ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু কেস টু কেস বা প্রতিটি ক্ষেত্রে পূর্বানুমোদন নেওয়ার শর্ত থাকায় দেশের সুতা উৎপাদকেরা তুলা আমদানিতে এই সুযোগ ব্যবহার করতে পারেননি।
অথচ বিশ্ববাজারে তুলার দামে এখন অব্যাহত দরপতন চলছে। তিন মাসে তুলার দাম কমেছে ৩০ শতাংশের বেশি। এই দরপতনের ফলে দেশের বস্ত্র ও সুতা কারখানাগুলো বিদেশি কাপড় ও সুতার সঙ্গে অসম প্রতিযোগিতায় পড়বেন। কেননা, তাই বাংলাদেশি তুলা আমদানিকারকেরা মে বা জুন মাসের নির্ধারিত দরে আগস্ট বা সেপ্টেম্বর মাসে তুলা সরবরাহ নিতে বাধ্য।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে হেজ সুবিধা থাকায় সেসব দেশের তুলা আমদানিকারকেরা পড়তি দামের সঙ্গে সমন্বয় করে তুলার সরবরাহ নিতে পারবেন। এতে করে তাঁদের বস্ত্র ও সুতা উৎপাদন ব্যয় কমে যাবে। তখন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকেরা বিদেশ থেকে সস্তায় সুতা বা কাপড় এনে পোশাক তৈরির উদ্যোগী হতে পারেন। ফলে বাংলাদেশি সুতা উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
হেজ হচ্ছে ভবিষ্যৎ বাজারের দাম ওঠানামার ঝুঁকি এড়ানোর বিকল্প বিমা ব্যবস্থা। অস্বাভাবিকভাবে দাম বেড়ে ক্রেতারা পূর্বনির্ধারিত দরে আর কমে গেলে সর্বশেষ দরের সঙ্গে সমন্বয় করে তুলা আমদানি করতে পারেন।
দেশের তুলা আমদানিকারকেরা বলছেন, তাঁদের জন্য বর্তমানের মতো শর্তযুক্ত ব্যবস্থা না হয়ে উন্মুক্ত হেজ সুযোগ থাকলে যেকোনো সময় তাঁরা ঝুঁকি এড়ানোর ব্যবস্থা রেখে তুলা কিনতে পারতেন।
চীন তুলার আন্তর্জাতিক বাজারের সবচেয়ে বড় ক্রেতা। কয়েক বছর ধরে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে তুলা কিনে তাদের মজুত বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে। বলা হচ্ছে, এখন চীনের মজুতের পরিমাণ ছয় কোটি ৯০ লাখ বেল। ফলে চীন এবার বিশ্ববাজার থেকে তুলা আমদানি কমিয়ে দিয়েছে। এর ফলে এই দরপতন চলছে বলে সংবাদমাধ্যমগুলো তথ্য দিচ্ছে। যদিও চীনের প্রকৃত মজুতের সঠিক তথ্য জানা প্রায় অসম্ভব।
বাংলাদেশি সুতা উৎপাদকেরা বলছেন, ‘হেজ’ সুবিধা উন্মুক্ত থাকলে তাৎক্ষণিকভাবে তুলা কেনার সঙ্গে ঝুঁকিও এড়ানোর ব্যবস্থা (হেজিং) নিতে পারতেন। আর সেটা করা গেলে দরপতনে যে ক্ষতি, তা প্রায় পুরোটাই পুষিয়ে নেওয়া সম্ভব হতো।
দেশের সুতা উৎপাদকেরা, যাঁরা বিশ্ববাজার থেকে তুলা আমদানি করেন, তাঁরা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য। বিটিএমএর একজন সদস্য বলেন, তাঁদের বিশ্ববাজার থেকে তুলা কিনে কারখানায় উৎপাদনের জন্য মজুত করতে কমপক্ষে ৯০ দিন সময় প্রয়োজন হয়। এই ৯০ দিন সময়ের মধ্যে যেকোনো ধরনের দরপতন দেশের সুতা উৎপাদনকারীদের বহন করতে হয়।
চীন ও ভারতসহ সুতা-কাপড় উৎপাদনকারী প্রায় সবগুলো দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর তত্ত্বাবধানে সরাসরি হেজিং ব্যবস্থা চালু থাকায় তাৎক্ষণিকভাবে আমদানিকারকদের পক্ষে হেজিং করা সম্ভব হয়।
ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, জুন ও আগস্টের মধ্যে প্রতি পাউন্ড তুলার প্রায় ২৫ সেন্ট দরপতন হয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ শেষে প্রতি পাউন্ড তুলার দাম হয়েছে ৬৩ দশমিক ৩৯ সেন্ট।
বিভিন্ন ধরনের জ্বালানি তেল, ভোগ্যপণ্য (চাল, গম, চিনি, ভোজ্যতেল) তুলা, গবাদিপশু, মূল্যবান ধাতু (সোনা, রুপা, প্লাটিনাম) ইত্যাদি বিভিন্ন দ্রব্যের দর ওঠানামার পরিপ্রেক্ষিতে হেজিং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে।
বাংলাদেশে হেজিং: বাংলাদেশে ২০০৮ সালের ২৬ মে পণ্য আমদানিতে আংশিকভাবে হেজ সুবিধার সাধারণ নীতিমালা জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক সে সময় কিছু শর্ত সাপেক্ষে এই সুবিধা চালু করে। সে সময় কেস টু কেস বা প্রতিটি ক্ষেত্রে পৃথক অনুমোদন সাপেক্ষে এ ব্যবস্থা উন্মুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, এখন পর্যন্ত পাঁচটি পণ্যের ক্ষেত্রে হেজের অনুমোদন চাওয়া হয়েছিল। সেগুলো চাওয়া হয়েছিল নীতিমালা তৈরির প্রথম দিকে। এর মধ্যে তুলার জন্যও একটি অনুমোদন নেওয়া হয়েছিল। তবে ২০১০ সালের পর একটা আবেদনও আসেনি।
ব্যবসায়ীরা বলছেন, নীতিমালার ত্রুটির কারণে হেজ সুবিধা তারা নিচ্ছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা তাঁদের কাছে এ বিষয়টি আনেননি। অথচ গত কয়েক বছরে কেন্দ্রীয় ব্যাংক আগের চেয়ে অনেক বেশি সুবিধাভোগী ও সংশ্লিষ্টদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করেই নীতিসিদ্ধান্ত নিচ্ছে।
বর্তমান নীতিমালায় যে পাঁচটি পণ্য হেজ করার আবেদন করা হয়েছিল, তা হয়েছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে। যোগাযোগ করা হলে দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, তুলা আমদানিতে ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) বা চুক্তির সময়ই বিক্রেতার সঙ্গে দাম নির্ধারণ করে ফেলেন। ফলে হেজ করার সুযোগ থাকে না। তিনি বলেন, ‘সুতা উৎপাদকেরা যদি দর নির্ধারণ না করেন, মূল্য পরিশোধের সময় বাজারদরের ভিত্তিতে এবং সাত বা ৩০ দিনের গড়ে (ভেরিয়েবল প্রাইসিং ম্যাকানিজমে) এটা নির্ধারিত হবে এমনটা শর্ত দিতেন, তাহলে বিক্রেতারা হেজ করার জন্য তাঁদের বলতেন। কিন্তু ব্যবসায়ীরা তেমনটি করছেন না।’
আবার হেজ করার ক্ষেত্রে দেশি ব্যাংকগুলোর সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক কমোডিটি এক্সচেঞ্জে এসব ব্যাংকের সরাসরি আমদানিকারকের অনুকূলে লেনদেনের কোনো সুযোগ নেই। আবার কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিয়েও প্রাত্যহিক এই লেনদেন করা যায় না। ব্যবসায়ীরা বলছেন, এ ক্ষেত্রে সরাসরি বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর দায়িত্ব দিলে আমদানিকারকদের পক্ষে হেজিং সুবিধা বাস্তবায়ন করা সম্ভব হবে।
তুলা আমদানি ও বস্ত্র খাত: বাংলাদেশ বিশ্ববাজারে দ্বিতীয় তুলা আমদানিকারক দেশ। গত বছর বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে চার কোটি ৪০ লাখ বেল তুলা আমদানি করে। দেশের রপ্তানিমুখী পোশাকের জন্য এই তুলা থেকে সুতা ও পরে কাপড় তৈরি হয়। নিট বা গেঞ্জিজাতীয় পোশাকের ক্ষেত্রে স্থানীয়ভাবেই ৯০ শতাংশ সুতা ও কাপড়ের জোগান পাওয়া যায়। আর ওভেন বা শার্ট ও প্যান্ট জাতীয় পোশাকের ৩৫ থেকে ৪০ ভাগ সুতা-কাপড়ের জোগান আসে স্থানীয়ভাবে। এই সুতা দেশের মিলগুলো তৈরি করে। এ জন্য প্রয়োজনীয় তুলার প্রায় পুরোটাই আসে বিদেশ থেকে। আমদানির ক্ষেত্রে অন্তত ৭৫ দিন থেকে তিন মাস পর্যন্ত সময় হাতে নিয়ে আমদানিকারকেরা বিশ্ববাজার থেকে তুলা কেনেন।
বিটিএমএর তথ্যে দেখা যাচ্ছে, প্রতিবছর ৫০০ কোটি ডলারের তুলা দেশে আমদানি হয়। বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারের দর ওঠানামার এই ঝুঁকির কারণেই তাঁরা হেজ সুবিধা চেয়ে আসছিলেন। তিনি বলেন, ‘কিন্তু যেভাবে সেটি দেওয়া হয়েছে, তা কোনো কাজে আসেনি। দর দেখে অনুমোদন চেয়ে তারপর তা পেয়ে হেজের জন্য অগ্রসর হওয়া পর্যন্ত কেউ অপেক্ষা করবে না।’
এর আগে একবার আন্তর্জাতিক বাজারে তুলার দাম এভাবে কমতে থাকায় দেশে সুতার মজুত বিপুল পরিমাণে বাড়তে থাকে। ২০১০ সালের একবার সুতার মূল্য নিয়ে বিটিএমএর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ বিরোধে জড়িয়ে পড়ে। এবারও সুতার মূল্য নিয়ে উৎপাদক ও পোশাক রপ্তানিকারকদের মধ্যে বিরোধ তৈরিরও আশঙ্কা রয়েছে। ২০১০ সালের আন্তর্জাতিক ওই মূল্য পরিস্থিতিতে বাংলাদেশের ৯০টি তুলা আমদানিকারক প্রতিষ্ঠানের দর মেটানো নিয়ে বিরোধ হয়। তাদের মধ্যে এখনো ৪০টি প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত হয়ে আছে বলে জানা যায়।