বিশ্ববাজারে তুলার দামে উল্লম্ফন, দেশে সুতার
বিশ্ববাজারের তুলার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। প্রতি পাউন্ড তুলার দাম গত সোমবার এক ডলার ছাড়িয়ে যায়। আমেরিকার গৃহযুদ্ধের পর এ নিয়ে দ্বিতীয়বারে মতো তুলার দাম প্রতি পাউন্ড এক ডলার অতিক্রম করল।এ বছর ডিসেম্বর মাসে সরবরাহ করা হবে, এমন আগাম চুক্তিতে তুলার দর ধার্য হয়েছে এক ডলার দুই সেন্ট। যা এ বছর আগস্টের তুলনায় ৩০ শতাংশ বেশি। এটি ১৯৯৫ সালের পর সর্বোচ্চ দর।আমেরিকান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জর্ডান লি কে উদ্ধৃত করে ফাইন্যানসিয়াল টাইমস (এফটি) এসব তথ্য প্রকাশ করেছে। এফটির প্রতিবেদনে তুলার দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উৎপাদনে বিপর্যয়কে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম তুলা উৎপাদক দেশ পাকিস্তানে ভয়াবহ বন্যার ফলে দেশটির তুলার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা বৈশ্বিক সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলেছে। আগস্টের বন্যায় দেশটির কোনো কোনো প্রধান তুলাখেতের ৮০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার তুলাচাষের অন্যতম বড় দুই অঞ্চল পাঞ্জাব ও সিন্ধু প্রদেশদ্বয়ের এক-তৃতীয়াংশ তুলাই নষ্ট হয়ে গেছে। তার আগে বিশ্বের শীর্ষ তুলা উৎপাদক ও আমদানিকারক দেশ চীনেও অতিবৃষ্টিতে তুলার উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। মূলত তখন থেকেই তুলার সরবরাহজনিত সংকট তৈরি হতে থাকে, যা দামকেও বাড়িয়ে তোলে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা রপ্তানিকারক দেশ ভারত এ বছর এপ্রিল মাসে তুলা রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করে। ইতিমধ্যে দেশটির বস্ত্র শিল্পমালিকেরা এই নিষেধাজ্ঞা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বহাল রাখার দাবি করেছেন। তবে ভারত সরকার ১ অক্টোবর থেকে ৫৫ লাখ বেল পর্যন্ত তুলা শুল্কমুক্তভাবে রপ্তানির অনুমতি দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত বহাল থাকবে না পরিবর্তন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তুলার দাম বেড়ে চলায় আগামী দিনগুলোয় তৈরি পোশাকের মূল্যস্ফীতি ঘটবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকেরা। যুক্তরাজ্যে এমনিতেই জানুয়ারি মাসে তৈরি পোশাকের ওপর ২০ শতাংশ হারে মূল্যসংযোজন কর আরোপ করা হয়েছে। এখন তুলার দাম বেড়ে যাওয়ায় সুতাও ব্যয়বহুল হয়ে পড়ছে। ফলে আগামীতে বস্ত্র ও তৈরি পোশাকের জন্য ভোক্তাদের আগের তুলনায় বেশি অর্থ খরচ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।বাংলাদেশের চিত্র: বিশ্ববাজারে তুলার দর বাড়ার জের ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে সুতার দাম বৃদ্ধি পেতে আরম্ভ করেছে।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সূত্রে জানা গেছে, এখন প্রতি কেজি সুতার জন্য চার ডলার থেকে ৪ দশমিক ৩০ ডলার পর্যন্ত দর গুনতে হচ্ছে। অথচ এক মাস আগেও প্রতি কেজি সুতার দর সাড়ে তিন থেকে ৩ দশমিক ৭০ ডলারের মধ্যে ওঠানামা করেছে। তুলা ও সুতার দরের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায় যে এ বছর জানুয়ারি মাসে যখন বিশ্ববাজারে প্রতি কেজি তুলা ১ দশমিক ৭১ ডলারে বিক্রি হয়েছে, তখন দেশীয় সুতার দাম ছিল কেজিপ্রতি ৩ দশমিক ২০ ডলার।তবে ফেব্রুয়ারি মাসে দেশীয় বাজারে সুতার দর তিন ডলারে নিচে নেমে এসেছিল। তারপর আবার তা বাড়তে আরম্ভ করে। এবং আগস্ট পর্যন্ত প্রতি মাসেই দর তিন ডলারের ওপরে ছিল, যা সেপ্টেম্বরের চলতি সপ্তাহে চার ডলার ছাড়িয়ে যায়। দেশীয় সুতা প্রস্তুতকারক কারখানাগুলো বিশ্ববাজারের তুলার দাম বৃদ্ধির অজুহাতে দেশের ভেতর অস্বাভাবিক হারে সুতার দর বাড়িয়ে দিয়েছে বলে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা অভিযোগ করেছেন।নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা বলছেন, তুলার দাম বাড়লেই সুতার দাম অযৌক্তিভাবে বাড়ানো হয়। তবে সুতা প্রস্তুতকারকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সভাপতি আবদুল হাই সরকার প্রথম আলোকে বলেন, ‘সুতার দামের বিষয়টি আন্তর্জাতিক বাজারে তুলার দামের ওপর নির্ভরশীল। আর তুলার দামের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ আমরা বাইরে থেকেই তুলা আমদানি করে থাকি।’বিটিএমএ সভাপতি অবশ্য স্বীকার করেন যে এখন প্রতি কেজি সুতার দর চার ডলারের ওপর চলে গেছে। তিনি এও বলেন যে সুতার দামের বিষয়টি নিয়ে তাঁরা আগামী সপ্তাহে বিকেএমইএর সঙ্গে আলোচনা করবেন। বিকেএমইএর পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে এ জন্য যোগাযোগ করা হয়েছে।এদিকে গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) কার্যালয়ে সুতার দাম মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিটিএমসির পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম।সভায় সুতার বাজারের বর্তমান অবস্থা তুলে ধরেন কমিটির সদস্য ও বিকেএমইএর পরিচালক শামীম আহমেদ। আরও উপস্থিত ছিলেন কমিটির অন্য দুই সদস্য বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান ও বিটিএমসির ভারপ্রাপ্ত সচিব আহসান হাবীব আজাদ।সভায় সুতার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিএমএ থেকে একজন মনোনীত প্রতিনিধি মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করার জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া প্রোফরমা ইনভয়েস (পিআই) ৩০ দিনে করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধেরও সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, সুতার দাম তদারকের জন্য বিটিএমসি, বিকেএমইএ ও বিজিএমইএর প্রতিনিধিদের সমন্বয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় চলতি বছরের জুলাই মাসে এই কমিটি গঠন করে।