বিশ্ববাজারে তেলের দাম কমছে
আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০২ মার্কিন ডলারের নিচে নেমেছে। সর্বশেষ তথ্য-উপাত্তে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দুর্বলতা প্রকাশ পাওয়ায় তেলের দাম কমেছে বলে বিশ্লেষকেরা মনে করেন।যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মঙ্গলবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৯৪ ডলারে নেমে আসে, যা আগের দিন সোমবার ছিল ১০২ দশমিক ৫৯ ডলার।অন্যদিকে লন্ডন ভিত্তিক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি খানিকটা কমে ১২২ দশমিক ৩৬ ডলারের নেমেছে।যুক্তরাষ্ট্রে গত মার্চ মাসে কর্মসংস্থান হয়েছে এক লাখ ২০ হাজার মানুষের, যা আগের তিন মাসের প্রতিটির চেয়ে অর্ধেক মাত্র। অথচ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং তাদের তেলের চাহিদা বাড়বে এমন সম্ভাবনায় গত বছরের অক্টোবর থেকে বাড়তে থাকে। ফলে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭৫ ডলার থেকে বেড়ে গত মাসে একপর্যায়ে ১১০ ডলার পর্যন্ত ওঠে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশা অনুযায়ী গতি পায়নি।অয়েল আউটলুক অ্যান্ড অপিনিয়নসের কার্ল ল্যারি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আমরা যতটা প্রবৃদ্ধি ঘটবে বলে ভেবেছিলাম, ঠিক ততটা হয়নি।’ এ অবস্থায় চলতি সপ্তাহে বিশ্বের অপরাপর অর্থনীতির ওপর চোখ রাখার বিষয়ে জোর দেন তিনি।এদিকে আগামী শুক্র ও শনিবারের দিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নতুন মোড় নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, শুক্রবারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের চলতি বছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য-উপাত্ত প্রকাশের কথা রয়েছে।আর শনিবার থেকে ইরানের বহুল বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বনেতাদের তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক শুরু হতে যাচ্ছে। এপি অবলম্বনে।